ঢাকায় হোল্ড-এর আয়োজনে দেশের প্রথম এআই সামিট অনুষ্ঠিত
ছবি: আয়োজকদের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২৩:৪১
শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন ‘হাউস অব লার্নিং অ্যান্ড ডোনেটিং’ (HOLD)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দেশের প্রথম সামিট। শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত ‘মাই উইন্ডো প্রেজেন্টস হোল্ড এআই সামিট ২০২৬ পাওয়ার্ড বাই এআইফোরবিটি’ শীর্ষক এই আয়োজনে দেশের এইচআর পেশাজীবী, ব্যবসায়িক নেতা, প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশ নেন। অনুষ্ঠানজুড়ে দেশের জন্য এআই-এর সম্ভাবনা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সামিটের সূচনা হয় হোল্ড-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ নূর ই আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে। মানবসম্পদ পেশাজীবী ও সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিতদের শিক্ষানির্ভর উন্নয়নে কাজ করা নূর ই আলম তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তিমূলক ব্যবহারের ওপর জোর দেন। তিনি জানান, এআইকে দায়িত্বশীলভাবে গ্রহণ করা গেলে তা জাতীয় অগ্রগতির একটি শক্তিশালী নিয়ামক হয়ে উঠতে পারে, যা প্রতিষ্ঠান ও ব্যক্তি সবার জন্যই নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।
সামিটে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ‘এআই ফর এইচআর প্রফেশনালস’ বিষয়ে উপস্থাপনা করেন ফকির ফ্যাশন লিমিটেডের হেড অব ওডি অ্যান্ড ট্যালেন্ট ম্যানেজমেন্ট ইমতিয়াজ মোস্তফা। ‘এআই লিডারশিপ: ফ্রম অ্যাওয়ারনেস টু অ্যাকশন’ বিষয়ে আলোচনা করেন ওডু ইআরপি ফাংশনাল কনসালট্যান্ট সাদিক এম আলম এবং এআইফোরবিটি গ্লোবালের সিইও মো. মাহমুদুল হাসান। এছাড়া ‘এআই সাইবার সিকিউরিটি সলিউশনস’ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি (পিআরএল) ও নিরাপত্তা উপদেষ্টা মো. মাহবুবুর রহমান ভূঁইয়া।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘দ্য ফিউচার অব এআই’ শীর্ষক বিশেষ প্যানেল আলোচনা। রবির সিনিয়র জিএম রেদওয়ানুল হক রাজুর সঞ্চালনায় এতে অংশ নেন প্রফেসর ড. মোহাম্মদ শাদরুল আলম, গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো. আবুল হোসেন, এএসএম মাহবুবুল আলম, এম রফিকুল ইসলাম এবং মো. ফয়সাল হোসেন।
এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল টুয়েন্টিফোর ও সমকাল। রাতে একটি নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে সামিটের সমাপ্তি ঘটে, যেখানে অংশগ্রহণকারীরা এআই-প্রস্তুত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মতবিনিময় করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- এআই