অসচ্ছলদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিয়েছিলেন মোশাররফ হোসেন: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০১:৫৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ০২:০০
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, বিজিএমইএর সাবেক সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন আর্থিকভাবে অসচ্ছলদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। অনেককে কর্মসংস্থানের জন্য বিদেশেও কাজের ব্যবস্থা করেন তিনি। দেশের তৈরি পোশাকশিল্পের বিকাশেও তাঁর অবদান ছিল।
মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এসব কথা বলেন মন্ত্রী। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ফেনী আমার ফেনী, ঢাকা’ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে বক্তারা তার কর্মময় জীবনের সামাজিক ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রাণু ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আবদুল্লাহ। মোশাররফ হোসেনের মেয়ে ও বে ইস্টার্ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারাহ আঞ্জুম বারী অনুষ্ঠানে বক্তব্য দেন। স্মরণসভায় মোশাররফ হোসেনের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, মোশাররফ হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। বৃহত্তর নোয়াখালীর মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তাঁদের কল্যাণে তিনি কাজ করেছেন। তিনি আগে তাঁদের বিদেশে পাঠাতেন, পরে তাঁরা টাকা পরিশোধ করতেন।
মোশাররফ হোসেন ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা। রাজনীতি, সাংবাদিকতা ও সমাজকল্যাণে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ ও ২০০৮ সালে পরপর দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৪ সালের ১৮ আগস্ট ৭৪ বছর বয়সে মারা যান মোশাররফ হোসেন। ১৯৪০ সালের ২২ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন তিনি।