পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০২:২৪
রাজধানীতে পুলিশ পরিচয়ে এক প্রবাসীর প্রাইভেটকার আটকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওমর ফারুক (৩০) শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে উল্লেখ করেন, ছয় বছরের বেশি সময় সৌদি আরবে থেকে সঞ্চয় করা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে দেশে ফেরেন। সেগুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার রাতে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ওমর ফারুক। তাঁকে নিতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন বাবা দুদু মিয়া। সঙ্গে চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়াও ছিলেন। শনিবার ভোর পৌনে ৫টার দিকে প্রাইভেটকারে কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।
জিয়া উদ্যান সিগন্যাল পার হয়ে বামে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এ সময় মাইক্রোবাস থেকে চার-পাঁচজন নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে। পরে তাঁর কাছে থাকা সৌদি রিয়াল ও স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
- বিষয় :
- রাজধানী