জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে ‘ফ্যাসিবাদ বিরোধী বিশ্বজিৎ চত্বর’: ডিএসসিসি প্রশাসক
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম রোববার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি: বাসস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২০:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের নামে ‘ফ্যাসিবাদ বিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এ কথা জানান। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি এই কেন্দ্রীয় মিলনায়তনটি সংস্কার ও আধুনিকায়ন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ সময় ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর অর্পণের ঘোষণা দেন প্রশাসক।
তিনি বলেন, ‘সিপাহী বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। এটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়