ঢামেক হাসপাতালে যুবককে রেখে পালাল তারা, পরে মৃত্যু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অচেতন অবস্থায় এক যুবককে রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। পরে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ট্রলিম্যান পারভেজ মোশাররফ জানান, দুই ব্যক্তি অচেতন অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। পরে তাঁকে একটি ট্রলিতে শুইয়ে রেখে টিকিট কাটার কথা বলে কাউন্টারে যান তারা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে আসেননি। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি নিজেই টিকিট কেটে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
- বিষয় :
- মৃত্যু