সংবাদ সম্মেলনে হামলা, জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ০৯:০৮
| প্রিন্ট সংস্করণ
সমিতির তহবিল থেকে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে জড়িতদের বিচার, নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ পুনর্বহাল এবং বর্তমান প্রশাসক ইশতিয়াক আজিজকে অপসারণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকল্যাণ সমিতির (মুমুপকস) সদস্যরা। এই দাবিতে তারা শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলন শুরুর আগেই প্রতিপক্ষ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন আয়োজকরা। তাদের দাবি, একদল ব্যক্তি সংবাদ সম্মেলনের ব্যানার সরিয়ে ফেলেন এবং তাদের হুমকি ও মারধরের চেষ্টা করেন। এ সময় স্লোগান দিয়ে তাদের সংবাদ সম্মেলনস্থল থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার ডিউটি অফিসার এসআই তৌফিক হাসান জানান, রাকিন সিটির বাসিন্দা শাহীদুজ্জামান এ অভিযোগ দেন। তদন্ত চলছে।
লিখিত অভিযোগে বলা হয়, শনিবার জাতীয় প্রেস ক্লাবে মিরপুর ১৫ বিজয় রাকিন সিটির অবৈধ জবরদখল, ভীতি প্রদর্শন এবং ওই সমিতির বেআইনি প্রশাসকের অশুভ তৎপরতার বিরুদ্ধে মুমুপকস সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। এ সময় মুমুপকসের প্রশাসক ইসতিয়াক আজিজ এবং বিজয় রাকিন সিটির অনুসারী অজ্ঞাতনামা অন্তত ১০০ জন বেআইনিভাবে জাতীয় প্রেস ক্লাবের ওই হলে প্রবেশ করে হামলা চালায়।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকল্যাণ সমিতির সভাপতি সরদার ইলিয়াস হোসেন বলেন, প্রশাসক ইশতিয়াক আজিজের নেতৃত্বে আনুমানিক ১০০ জনতা প্রেস ক্লাবে ঢুকে বেআইনিভাবে হামলা করে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। রাকিন সিটিতে মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট দখলে নেয় সন্ত্রাসীরা। এর সঙ্গে রাকিন সিটিও জড়িত। রাকিন সিটির বিরুদ্ধেও কাফরুল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সেলিম উদ্দিন বলেন, রাকিন সিটি নাম দিয়ে প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হল ভাড়া করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকল্যাণ সমিতির সদস্যরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেন। এ সময় অন্য একটি গ্রুপ সেখানে উপস্থিত হয়ে হট্টগোল সৃষ্টি করে।
- বিষয় :
- অভিযোগ
- প্রেসক্লাব