পুষ্প
ভিয়েতনামি সৌন্দর্যের ফুল ব্লু বেল
ডেমরার ধীৎপুরে দেখা ভিয়েতনামের ব্লু বেল ফুল লেখক
মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
ভিয়েতনামের হো চি মিন সিটি থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে চুয়া থান জেলার লঙ ডিন কমিউন। সেখানকার সাউদার্ন হর্টিকালচার রিসার্চ ইনস্টিটিউটের ভেতরে টিস্যু কালচার পদ্ধতিতে নানা রকম অর্কিডের চারা উৎপাদন কৌশল দেখলাম। পরে সেগুলো বিক্রি করার উপায়গুলোর কথা শুনছিলাম কৃষকদের কাছে। বিজ্ঞানীরা কী করে অর্কিড উদ্ভিদের একটি টুকরো থেকে কাঁচের বোতলের ভেতরে শত শত রোগমুক্ত অর্কিড চারা তৈরি করছেন সেটিই ছিল বিস্ময়ের ব্যাপার।
তার চেয়েও বেশি বিস্মিত হয়েছিলাম সেখানকার অভ্যর্থনাস্থলে রাখা একটি বনসাই দেখে। বরফ দেওয়া ইলিশ মাছের যেমন কত দিন আগে ধরা তা বোঝা যায় না, তেমনি বনসাই দেখেও সে উদ্ভিদের বয়স বোঝা যায় না। সেটিকে এমন নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে যে চোখ ফেরানো যায় না। প্যাঁচানো গুঁড়ি, তার মাথায় ঝাঁকড়া ডালপালা ছেয়ে আছে ছোট ছোট নীল ফুল। ফুলগুলো অনেকটা শিম বা মটর ফুলের মতো। সে উদ্ভিদের নাম জানতে চাইলে অভ্যর্থনাকারী একটা ভিয়েতনামি নাম বলেছিলেন, মনে নেই। প্রায় আট বছর হলো, সে উদ্ভিদকে ভুলেই গিয়েছিলাম।
হঠাৎ গত ৩১ অক্টোবর ঢাকার ডেমরার ধীৎপুর গ্রামে এক উদ্ভিদ সংগ্রহশালার ফুল দেখে মনে পড়ল ভিয়েতনামের সেই বনসাইয়ের কথা। ভিয়েতনামের গাছ এখানে? উদ্ভিদ সংগ্রহশালার কর্তা আশিক দিদার জানালেন, ওর নাম ভিয়েতনামিজ ব্লু বেল। প্রচুর ফুল ফোটে, গাছ বাঁচে অনেক বছর, বনসাই করার একটি ভালো উদ্ভিদ। তিনি ব্লু বেল চারা সংগ্রহ করেছিলেন ভারত থেকে। সেসব গাছ থেকে তিনি এ পর্যন্ত হাজারখানেক চারা তৈরি ও বিক্রি করেছেন।
শীতের আগে ফুল ফোটা শুরু হয়, শীতকালে সবচেয়ে বেশি ফুল ফোটে। এপ্রিল পর্যন্ত সেসব গাছে ফুল ফোটা চলতে থাকে। ফুলে কোনো ঘ্রাণ নেই, কিন্তু প্রাচুর্য ও রং দেখার মতো। ফুলের রং বেগুনি বা গোলাপি। ফুল শেষে শিমের মতো ফল হয়। ফুলে মধুও আছে।
এ উদ্ভিদের অন্য নাম ব্লু ব্রায়া, উদ্ভিদতাত্ত্বিক নাম Desmodium unifoliatum ও গোত্র ফ্যাবেসি। এটি একটি কাষ্ঠল গুল্ম প্রকৃতির চিরসবুজ উদ্ভিদ; যার উচ্চতা ১ থেকে ২ মিটার। এর ছাল অমসৃণ, আঁকাবাঁকা কাণ্ড, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাণ্ড পুরোনো চেহারা ধারণ করে। কাণ্ডে স্বাভাবিক প্যাঁচ ও গিঁট থাকায় তা বনসাইয়ের সৌন্দর্য বৃদ্ধি করে। পাতা ত্রিপত্রক, অগ্রভাগ গোলাকার, ছোট, ঘন ও আঁটোসাঁটো ধরনের, দ্রুত বাড়ে। রোদে এ উদ্ভিদ ভালো হয়, তবে আংশিক ছায়াযুক্ত স্থানেও লাগানো যায়। বেশি আলোতে বেশি ফুল ফোটে। গাছের গোড়ায় জল জমলে শিকড় পচে গাছ মরে যেতে পারে। তাই নিকাশ ব্যবস্থা ভালো রাখতে হয়। আবার মাটি একেবারে শুকিয়ে গেলেও সমস্যা হয়।
ভালো গড়ন ও চেহারার জন্য সঠিকভাবে গাছ ছাঁটতে হয়। বীজ ও শাখা কলম করে এর চারা তৈরি করা যায়। বীজের মাধ্যমে চারা তৈরি করা সহজ। পরিপক্ব বীজ সংগ্রহ করার পর বীজগুলো আলতো করে শিরিষ কাগজ দিয়ে ঘষে খোসা কিছুটা ক্ষয় করে দিলে সেসব বীজ ভালো গজায়। বীজগুলো বোনার আগে ২৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হয়। আধা-শক্ত ডাল কেটে বেডের বা ব্যাগের মাটিতে কাঁৎ করে পুঁতে দিলে তা থেকে শিকড় গজায় ও পাতা ছেড়ে নতুন চারার জন্ম হয়। ব্লু বেলকে ক্ষুদ্রাকৃতির বনসাই হিসেবেও গড়ে তোলা যায়।
ব্লু বেল গাছের আদিনিবাস দক্ষিণ এশিয়া। ঠিক কবে ব্লু বেল বাংলাদেশে এসেছে, তার কোনো তথ্য পাওয়া যায় না। এমনকি বাংলাদেশের উদ্ভিদ তালিকায় ডেসমোডিয়াম গণের ১৬ প্রজাতির উদ্ভিদের নাম থাকলেও এটি নথিভুক্ত নয়। ধারণা করা হয়, বিগত দশকের কোনো এক সময়ে এটি বিভিন্ন নার্সারির মাধ্যমে এদেশে এসেছে।
লেখক: কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ
- বিষয় :
- ফুল