ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজধানীর ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

রাজধানীর ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
×
×

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাসচিব আবদুল খালেক। ছবি: শিক্ষা মন্ত্রণালয়

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৪:২৯

রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। বৃহস্পতিবার তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

পরিদর্শনকালে সিনিয়র সচিব প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান আবদুল খালেক। তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এতে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে সিনিয়র সচিব বলেন, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানপ্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিনিয়র সচিব।
 

আরও পড়ুন

×