ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজয় দিবসের আগেই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ: শাজাহান খান

বিজয় দিবসের আগেই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ: শাজাহান খান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ০৭:৪৬

আগামী বিজয় দিবসের আগেই রাজাকারদের আংশিক তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান।

শাজাহান খান বলেছেন, এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত উপকমিটি এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।

কমিটি সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও উপ-কমিটির আহ্বায়ক শাজাহান খান বলেন, তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। কিছু তালিকাও সংগ্রহ করা হয়েছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আংশিক তালিকা প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৯ অগাস্ট রাজাকারের তালিকা তৈরি করতে ছয় সদস্যের উপ-কমিটি গঠন করা হয়। গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য নিয়ে স্বাধীনতাবিরোধীদের 'বিতর্কিত' তালিকা প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে তা বাতিল করে সরকার।

এ বছর জানুয়ারি মাসে সংসদে এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। খোদ সরকারি দলের সদস্যরাই এনিয়ে মন্ত্রী সমালোচনায় মুখর হয়েছিলেন। পরে ওই তালিকা প্রত্যাহার করে সে সময় মন্ত্রী নতুন করে তালিকা তৈরির কথাও জানান।

উপ-কমিটি গঠনের পর আহ্বায়ক শাজাহান খান জানিয়েছিলেন, তারা সংসদ সদ্যেসের মধ্যে যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান আছেন, তাদের নিয়ে কাজ করবেন। আর তথ্য নেওয়া হবে যুদ্ধকালীন কমান্ডার এবং উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে।

আরও পড়ুন

×