ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা আর নেই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ১০:৫২
ভাষা সৈনিক ও ঝিনাইদহের প্রবীণ রাজনীতিবিদ মো. জাহিদ হোসেন মুসা মিয়া মারা গেছেন।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নাল্লিাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, ছয় পুত্র, এক কন্যা এবং নাতি-নাতনি রেখে গেছেন। তার বড় ছেলে মো. নাসের শাহরিয়ার জাহেদী রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ঈদগাহ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের দ্বিতীয় জানাজা বুধবার ঝিনাইদহ ওয়াজির আলী হাইস্কুল মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মহিশাকুণ্ডের বটতলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাওলানা ভাসানীর নির্দেশে ১৯৭৩ ঝিনাইদহ মহকুমার ন্যাপ সভাপতির দায়িত্বে থাকার সময়ে জাহিদ হোসেন মুসা মিয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ঝিনাইদহ থেকে। ১৯৫৫-৫৭ পর্যন্ত ঝিনাইদহ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
- বিষয় :
- ভাষা সৈনিক
