ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আধুনিক সেবা প্রদান

ডিএসসিসি চালু করল কমিউনিটি অ্যাম্বাসেডর টিম

ডিএসসিসি চালু করল কমিউনিটি অ্যাম্বাসেডর টিম
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:৩৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:৪৫

বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি, মশক নিয়ন্ত্রণ, সড়ক মেরামতসহ নানা সমস্যার জরুরি সমাধান এবং নগরবাসীকে আধুনিক সেবা প্রদান করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চালু করল কমিউনিটি অ্যাম্বাসেডর টিম।

মঙ্গলবার নগরভবনে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানান, ১৮০০ জন সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে এই টিমে কাজ করবেন, তারা পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে নাগরিক সমস্যার খোঁজ নেবেন। সমস্যাগুলো ডিএসসিসির একটি গ্রুপে তারা আপলোড করবেন। দ্রুতই ডিএসসিসি সেসব নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ নেবে। মেয়র কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।

ডিএসসিসি জানায়, ৭৫টি ওয়ার্ডে কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের সদস্যরা কাজ করবেন। একেকটি ওয়ার্ডকে কয়েকটি ইউনিটে ভাগ করা হবে। প্রতি ইউনিটে সাতজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবীরা তাদের আওতাধীন এলাকার রাস্তা, ড্রেন, সড়কবাতিসহ অন্যান্য সেবা ঘুরে দেখবেন। আর সে অনুযায়ী রিপোর্ট, পরামর্শ ও অভিযোগ তুলে ধরবেন যোগাযোগের গ্রুপে। যে অঞ্চলের অভিযোগ, সেটা সাথে সাথেই সংশ্নিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে চলে যাবে। এছাড়া নাগরিকরা www.dscc.gov.bd-তে সরাসরি অভিযোগও জানাতে পারবেন। নগরবাসীর অভিযোগ জানার পর সংশ্নিষ্ট কর্মকর্তা সমস্যা সমাধানের উদ্যোগ না নিলে ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের সদস্য হিসেবে ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ছাড়াও সরকারি-বেসরকারি চাকরিজীবীরা দায়িত্ব পালন করবেন।

কমিউনিটি অ্যাম্বাসেডর টিমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের সদস্য ছাড়াও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×