কবি ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০১:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে রবিউল হুসাইনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খবর বাসসের
তিনি বলেন, ‘তার মৃত্যু সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি।’
শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একুশে পদকপ্রাপ্ত কবি ও স্থপতি রবিউল হুসাইন সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিউল হুসাইন ১৯৪৩ সালে ঝিনাইদহের শৈলকূপায় জন্মগ্রহণ করেন। ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে (বর্তমান বুয়েট) আর্কিটেকচার ফ্যাকাল্টিতে পড়ালেখা করেন। ছাত্রাবস্থায় তিনি নিয়মিত লেখালেখি করতেন।
তিনি একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান রবিউল হুসাইন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের ট্রাস্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।