আলজাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়: গওহর রিজভী
ড. গওহর রিজভী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪১
আলজাজিরা টেলিভিশনের প্রতিবেদন বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন হয়নি। সমালোচনা ও হেয় করার জন্য এটা করা হয়েছে। প্রতিবেদনটি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আক্রমণ। এর তদন্ত হতে হবে, তাহলেই জানা যাবে কী হয়েছে।
রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের 'বঙ্গবন্ধুর দর্শন ও সুনীল অর্থনীতি' শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী আরও বলেন, আলজাজিরার প্রতিবেদনটি একেবারে দায়িত্বজ্ঞানহীন। এটা অনেক অভিযোগ ও বক্রোক্তিতে ভরা।
আলজাজিরার প্রতিবেদন নিয়ে সরকার তদন্তের উদ্যোগ নিয়েছে কিনা এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্যাখ্যা-বিশ্নেষণ দেওয়া হচ্ছে। কিন্তু এই হলুদ সাংবাদিকতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে 'অল দ্য প্রাইম মিনিস্টারস মেন'। এটা সরাসরি প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ। সরকারকে নয়, আলজাজিরা কর্তৃপক্ষকেই সাংবাদিকদের এসব বিষয়ে প্রশ্ন করা উচিত এবং তথ্যপ্রমাণ চাওয়া উচিত। তিনি আরও বলেন, কোনো অন্যায় ও দুর্নীতি হলে তদন্ত হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রসীমা বিজয় ও সুনীল অর্থনীতির ক্ষেত্র তৈরি করে দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র চার বছরের প্রচেষ্টায় প্রতিবেশীর সঙ্গে সীমানা বিরোধ মিটিয়ে বঙ্গোপসাগরে এক লাখ ১৮ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে সীমাহীন সম্পদের ওপর দেশের একচ্ছত্র মালিকানা প্রতিষ্ঠা করেছেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখনই দেশকে পিছিয়ে দিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে গভীর ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই যেন দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিতে না পারে- সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশিদ আলম। বক্তব্য দেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. কাউসার আহমেদ এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন। অনুষ্ঠানে 'মুজিববর্ষ' উপলক্ষে 'সোনার বাংলায় সুনীল স্বপ্ন' সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
