১০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের সামনে তিন মোটরসাইকেলে আগুন
সুপ্রিম কোর্টের সামনে দুর্বৃত্তদের আগুনে পুড়ছে মোটরসাইকেল- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪১ | আপডেট: ০৪ মার্চ ২০২০ | ১০:৪৩
মাত্র ১০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক তিন গেটে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির আগের দিন বুধবার বিকেলে আদালত পাড়ায় অন্য যেকোনও সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তার মধ্যেই এ ঘটনা ঘটলো।
পুলিশ কর্মকর্তারা প্রায় একসঙ্গে পৃথক তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটিকে নাশকতা হিসেবেই দেখছেন। খালেদা জিয়ার জামিন শুনানি সামনে রেখে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এমন নাশকতা করতে পারে বলেও মনে করছেন তারা। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া মোটরসাইকেল তিনটির একটি হাইকোর্টের মাজার গেটের অদূরে, জাতীয় ঈদগাহ গেটে একটি ও অপরটি বার কাউন্সিল গেটে ছিল। বিকেল সাড়ে চারটার দিকে প্রথমে ঈদগাহ গেটের সামনে রাখা একটি মোটরসাইকেল জ্বলতে দেখা যায়। এর ১০ মিনিটের মধ্যে অপর দুটি মোটরসাইকেলে আগুন ধরানোর খবর আসে। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ এলাকার সড়কের পাশে দাউ দাউ করে গাড়ি জ্বলার খবরে পথচারী ও গণপরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইনজীবী ও বিচারপ্রার্থীদের অনেকেই বলছিলেন, বুধবার দিনভরই আদালতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ছিল। আদালতে ঢুকতে অনেকেরই তল্লাশির মুখে পড়তে হয়েছে। এরমধ্যেই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালেতে পৌঁছায়। এমন কড়া নিরাপত্তার মধ্যে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, তাদের কাছে ৪টা ৪০ মিনিটে একটি মোটরসাইকেলে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পাশাপাশি এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেখতে পায়। নেভানোর আগে এগুলো প্রায় পুড়ে গেছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, অতর্কিতভাবে তিনটি মোটরসাইকেলে একই সময়ে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এটি পরিকল্পিত নাশকতা বলে আমরা মনে করছি। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি মোটরসাইকেলের মালিকদেরও সন্ধান চলছে।
ওসি বলেন, বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের জামিনের ওপর আপিল শুনানি রয়েছে।
এর আগে গাড়িগুলোতে আগুন দেওয়া হলো। এর আগের শুনানির তারিখেও আদালতে
বিএনপির সমর্থিত লোকজন হট্টগোল করেছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট
- আগুন
