প্রয়োজনে লাইভ টক শো হবে: ইলিয়াস কাঞ্চন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪২
দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে সরকারদলীয় সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নিরাপদ সড়ক চাই'র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সম্প্রতি তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ নাকচ করে প্রয়োজনে শাজাহান খানের সঙ্গে লাইভ টকশোতে যেতে আগ্রহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাবেক মন্ত্রী শাজাহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও
হুঁশিয়ারি দেন ইলিয়াস কাঞ্চন।
গত রোববার এক অনুষ্ঠানে শাজাহান খান অভিযোগ করেন, নিরাপদ সড়কের নামে এনজিও খুলে দেশ বিদেশ থেকে টাকা এনে সরিয়েছেন ইলিয়াস কাঞ্চন। নিজের, ছেলের ও পুত্রবধূর নামে টাকা টাকা নেন। ইলিয়াস কাঞ্চন কত টাকা সরিয়েছেন, তা জনসম্মুখে তুলে ধরার কথা বলেন শাজাহান খান।
এ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটার দিয়েছিল নিসচা। সেই সময় পার হওয়ার পর বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ফের আল্টিমেটাম দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, যদি সৎসাহস থাকে, তাহলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন শাজাহান খান। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে একুশে পদক পাওয়া চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, তিনি কারো পক্ষে বিপক্ষে নন। পরিবহন মালিক শ্রমিকদের বিপক্ষেও নন। অন্যায়ের বিপক্ষে আপামর মানুষের স্বার্থে কথা বলেন।
তিনি বলেন, শাজাহান খান পরিবহন মালিক শ্রমিকদের আমার, আমার পরিবার ও নিসচার সদস্যদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছেন। যার ফলে আমার জীবন, পরিবার, সংগঠন ও সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জীবন নিয়ে শঙ্কিত।
ইলিয়াস কাঞ্চন জানান, ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর প্রথম ১২ বছর তার টাকায়
নিসচা পরিচালিত হয়েছে। এরপর থেকে ১৫ হাজার নিবন্ধিত সদস্য, ৫৫ কার্যকরী
সদস্য, ১২০টি শাখা সংগঠনের মাসিক-বাৎসরিক চাঁদায় এবং দেশীয় বিভিন্ন
প্রতিষ্ঠানে সহযোগিতায় সংগঠনটি চলছে। আন্তর্জাতিক নিরাপদ সড়ক আন্দোলনের
সঙ্গে যুক্ত হতে নিসচা ২০১৫ সালের ডিসেম্বরে এনজিও হিসেবে নিবন্ধিত হয়।
কিন্তু কোনো বিদেশি সংগঠনের কাছ থেকে নিসচা টাকা নেয় না।
- বিষয় :
- ইলিয়াস কাঞ্চন
- সড়ক দুর্ঘটনা
