প্লাস্টিক বোতলের জুস-পানিকে না ১৫০ শিক্ষার্থীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৯
প্লাস্টিক বোতলের পানি ও জুস পান এবং যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ফেলবে না বলে শপথ নিয়েছে ১৫০ স্কুলশিক্ষাথী। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এসে তারা এমন অঙ্গীকার করে। পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সতর্ক ও সচেতন করতে বিজ্ঞান জাদুঘর এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। শপথের পর তাদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যমানসম্পন্ন অ্যালুমিনিয়ামের তৈরি পানির বোতল।
এ ছাড়া মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে জাদুঘরে বুধবার 'প্লাস্টিক দূষণ ও স্বাস্থ্যগত ক্ষতি' শীর্ষক বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, প্রতিদিন খাদ্য পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে, পরিণতিতে ক্যান্সারের মতো ভয়াবহ বিপদ ডেকে আনছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।
