পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নে সরকার আন্তরিক: গওহর রিজভী
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী - সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩০
পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা ভূমি বিরোধ। এর সমাধানের বিষয়ে সরকার আন্তরিক। সরকার চায় পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়িত হোক। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এ কথা বলেন। 'পার্বত্য চট্টগ্রাম চুক্তি :প্রেক্ষাপট ও বাস্তবায়ন' শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে বাংলাদেশ সরকার পার্বত্য শান্তি চুক্তি করে। ২২ বছর হলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। জেএসএস বলছে, সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়।
গওহর রিজভী বলেন, এখনও সমস্যা আছে; কিন্তু চুক্তির দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ভূমি বিরোধকে পাহাড়ের মূল সমস্যা বলে উল্লেখ করে এ জন্য একটি বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বলেন, সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। অন্যদেরও সক্রিয় হতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মো. মেসবাহুল ইসলাম, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) পরিমল বিকাশ চাকমা, মং সার্কেলের প্রধান সা চি প্রু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন্দ বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা, বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাশেম প্রমুখ।
