ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

'আল্লার দলের' ৬ সদস্য গ্রেপ্তার

'আল্লার দলের' ৬ সদস্য গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:২১

গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার একটি বাড়ি ঘেরাও করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল্লার দলের' ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোরে ঢাকা ও আশপাশের এলাকায় দায়িত্বরত র‌্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ৬ জন হলো- বাবুল খন্দকার, আতোয়ার হোসেন, আব্দুল আজিজ ওরফে বাবু, ওসমান গণি, আবু তাহের প্রধান ও হোসেন প্রধান। তাদের সবার বাড়ি পলাশবাড়ী এলাকায়। তারা নিষিদ্ধ সংগঠনটির থানা মূল নায়েক, নায়েক, গ্রাম নায়েক ও সংগঠক বলে জানিয়েছে র‌্যাব। তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রবাদী বই ও লিফলেট, সংগঠন সম্পর্কিত তথ্য সংবলিত কাগজপত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জঙ্গি সংগঠনের অপতৎপরতা রোধে নিয়োজিত থাকাকালে র‌্যাব-২ এর জঙ্গি সেলের কাছে গোপন তথ্য আসে 'আল্লার দল'-এর পলাশবাড়ী এলাকার বেশ কয়েকজন সক্রিয় সদস্য নিয়মিতভাবে নিজেদের মধ্যে বৈঠক করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসছে। ওই তথ্য যাচাই করে সোমবার ভোরে পলাশবাড়ী থানাধীন হরিণমারী এলাকায় বাবলু খন্দকারের বাড়ি ঘেরাও করা হয়। পরে বাড়ির প্রতিটি ঘর তল্লাশি করে একটি দালান ঘরে ওই ৬ জনকে পাওয়া যায়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক জাহিদ আহসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিপন্ন করার পাঁয়তারা করছিল। এ ছাড়া তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য বৈঠক করছিল।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা 'আল্লার দল' জঙ্গি সংগঠনের আমির মতিন মেহেদীর একান্ত সহযোগী এবং পলাশবাড়ী থানার নায়েক ও অন্যান্য পদে থেকে নাশকতার ছক আঁকা ও প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হচ্ছে।

আরও পড়ুন

×