মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ১২:৫৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ১২:৫৮
হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আইইডিসিআর এর মেডিকেল টেকনোলজিস্টরা আইইডিসিআর এর সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঢাকার ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, 'মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালের কোভিড-১৯ রোগীদের স্যাম্পল কালেকশন করে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের উপর অতর্কিত হামলা চালালে তিনি মারা যান। এ ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এ ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় বক্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, আগামী দুই দিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় সাইফুলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ আহমেদুল কবির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সাইফুল হত্যাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসময় সমাবেশে বক্তব্য দেন ঢাকা আইএইচটির শিক্ষক আক্তার হোসেন, জাহিদুল ইসলাম শাহিন, ছাত্রনেতা সাগর আহমেদ শামিম, রায়হান রেজা, আপন ইসলাম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল করিমসহ আরও অনেকে।
