গাবতলীতে বিআরটিসি বাসের ধাক্কায় শিশু নিহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:০৫
রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাসের ধাক্কায় বিল্লাল হোসেন নামের ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় এ দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে দারুস সালাম থানা পুলিশ। তবে বাসচালক গোলাম রাব্বানী পালিয়েছে। ময়নাতদন্তের জন্য বিল্লালের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, বিল্লাল বিভিন্ন বাসে যাত্রীদের কাছে আমড়া বিক্রি করত। বৃহস্পতিবার গাবতলীতে বিআরটিসি বাস ডিপোর সামনের রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল সে। এ সময় ডিপো থেকে বিআরটিসির একটি বাস বের হয়ে মোড় নেওয়ার সময় বিল্লালকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লালের বাসা দারুস সালাম থানার হরিরামপুরে। বাবার নাম হেলাল হোসেন। গ্রামের বাড়ি হবিগঞ্জ।
দারুস সালাম থানার এসআই রফিকুল ইসলাম বলেন, চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- বাসের ধাক্কা
- রাজধানী
