দক্ষিণের ৭ মেয়র প্রার্থী পেলেন প্রতীক
রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০০:৩৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ০১:০৪
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বৈধ সাতজন মেয়রপ্রার্থীকে নিজ নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সকালে রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ‘নৌকা’, বিএনপির ইশরাক হোসেন ‘ধানের শীষ’, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ সাইফুদ্দিন মিলন ‘লাঙ্গল’, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান ‘হাতপাখা’, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) বাহরানে সুলতান বাহার ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা ‘ডাব’ এবং গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ‘মাছ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে নূর তাপস ছাড়া অন্যরা সবাই উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আইনজীবী আলী আসিফ খান নৌকা প্রতীক গ্রহণ করেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ চলছে। সাধারণ কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং ২৫টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এর পরে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন আনুষ্ঠানিক প্রচারণায় যেতে পারবেন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা এখন আইন মেনে প্রচারণা চালাতে পারবেন। দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করে প্রচারণা চালানো যাবে। তবে ফেব্রুয়ারীতে এসএসসি পরীক্ষা থাকায় শিহ্মার্থী এবং অসুস্থ রোগীদের বিষয়টি মাথায় রেখে মাইকে প্রচারণা না চালাতেও অনুরোধ করেন তিনি।
আচারণ বিধি তুলে ধরে রিটানিং কর্মকর্তা আরও বলেন, প্রার্থীরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ক্যাম্প স্থাপন করতে পারবেন। সেখানে শুধু নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। কোন ধরনের মিছিল, শো-ডাউন, বড় ধরনের জনসভা ও তোরণ নির্মাণ করা যাবে না। তবে ঘরোয়া বৈঠকে প্রার্থীরা অংশ নিতে পারবেন। মাইকে প্রচরণা চালানোর আগে অনমতি নিতে হবে।
তিনি আরো বলেন, অনেক প্রার্থীর পোস্টার লাগানো আছে বলে অভিযোগ এসেছে। যেসব প্রার্থীর পোস্টার আছে তাদের বিষয়টি তদারকি করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
