চীনের দরজা আরো উন্মুক্ত হবে: মার্কিন ব্যবসায়ীদের শি
বেইজিংয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে (দ্বিতীয় সারিতে ডান থেকে বাঁয়ে) জেনসেন হুয়াং, ইলন মাস্ক ও টিম কুক। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১৩:৪৯
মার্কিন ব্যবসায়ীদের শি জিনপিং বলেছেন, চীনের দরজা বিশ্বের জন্য আরো উন্মুক্ত হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের সময় শি এমন মন্তব্য করেন। বৈঠকে মার্কিন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শি বলেন, ‘বাইরের বিশ্বের জন্য চীনের দরজা আরো বেশি উন্মুক্ত হতে থাকবে। মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনে ভবিষ্যৎ উজ্জ্বল।’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন সফরে যাওয়া মার্কিন ব্যবসায়িক নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ও টেসলার প্রধান ইলন মাস্ক।
সফর শুরুর সময় ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর অগ্রাধিকারের বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেন, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী শি জিনপিংকে অনুরোধ করবো- তিনি যেন চীনকে উন্মুক্ত করে দেন। যাতে এই মেধাবী মানুষগুলো (প্রযুক্তিবিদরা) তাদের জাদুকরী কাজ দেখাতে পারেন।
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উত্থানের সময়ও এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক চিপ কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা আছে। ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
