লকডাউন এলাকায়ও সরকারি ব্যাংক খোলা
ফাইল ছবি
সমকাল প্রতিবদেক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে লকডাউন এলাকায় বিশেষ ব্যবস্থায় সরকারি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি ট্রেজারি চালান জমা, বিভিন্ন ধরনের ভাতা প্রদান ও জরুরি ব্যাংকিং সেবা চালু রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার সরকারি মালিকানার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডিদের চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম সমকালকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোক রোববার থেকে তারা লকডাউন এলাকার শাখা খোলা রাখবেন।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির মধ্যে ব্যাংক পুরোপুরি বন্ধ অথবা এলাকা ভিত্তিক দু’একটি শাখা খোলা রাখার জোর দাবি জানিয়ে আসছেন ব্যাংকাররা। এর মধ্যে এমন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
