ইপিজেডের ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি না ঘটায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে জরুরি শিপমেন্ট, সেবা ও পিপিই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যতীত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র অধীন দেশের ৮টি ইপিজেডের অন্যান্য কারখানাসমূহ ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বেপজা এবং ইপিজেডের বিনিয়োকারীদের সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ আলোচনায় শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ইপিজেডে বর্তমানে চালু ৪৪৭টি শিল্প কারখানার মধ্যে ৩০৮টি ইতোমধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন ভাতাদি পরিশোধ করেছে। ৩৪টি রোববার পরিশোধ করবে এবং অবশিষ্ট কারখানাসমূহ আগামী ১৬ এপ্রিলের মধ্যেই বেতন-ভাতাদি পরিশোধ করবে।
