ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিল্প খাতে দক্ষতা বাড়াতে ৩০ কোটি ডলার ঋণ এডিবির

শিল্প খাতে দক্ষতা বাড়াতে ৩০ কোটি ডলার ঋণ এডিবির
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:০০

শিল্প খাতে দক্ষ জনশক্তি তৈরি, প্রতিযোগিতা সক্ষমতা ও উদ্ভাবনী উদ্যোগ বাড়াতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার রাজধানীতে এ বিষয়ে সরকার ও এডিবির মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং এ চুক্তি স্বাক্ষর করেন।

 ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) শীর্ষক কর্মসূচিতে এ ঋণ দেওয়া হচ্ছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো উৎপাদন খাতে দক্ষ জনশক্তি তৈরি, শিল্প খাতে বর্ধিত কর্মসংস্থান সৃষ্টি, রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ইত্যাদি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ কর্মসূচির তহবিল ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এতে সম্পৃক্ত থাকবে। এ কর্মসূচির বাস্তবায়ন ২০২৪ সাল থেকে শুরু হয়ে শেষ হবে ২০২৯ সালে।

এডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির আওতায় অটোমোবাইল, হাল্কা প্রকৌশল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন অগ্রাধিকার ও সম্ভাবনাময় খাতের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্ব বাড়াতে সহায়তা করবে এডিবি। এ কর্মসূচির মাধ্যমে স্মার্ট ও গ্রিন টেক্সটাইল টেকনোলজিসহ প্রযুক্তিভিত্তিক উচ্চতর দক্ষতা অর্জনের প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতাও তৈরি করা হবে।

এসআইসিআইপির আওতায় তৈরি পোশাক ও অন্যান্য অগ্রাধিকার পাওয়া শিল্প খাতে মধ্যম সারির ব্যবস্থাপকদের প্রশিক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করা হবে। এর ফলে শিল্প খাতে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও সবুজ ব্যবসা সম্পর্কে সম্যক ধারণ থাকা একদল দক্ষ ব্যবস্থাপক তৈরি হবে। শিল্পের জন্য উদ্ভাবনী সলিউশন নিয়ে আসার জন্য শিল্প খাত ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গবেষণা ও উন্নয়ন প্রকল্প শুরু করতে অনুদানও দেওয়া হবে এই কর্মসূচিতে।

এ কর্মসূচিতে বিদেশে যেতে ইচ্ছুকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ থাকবে। এর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্রতিবন্ধী ট্রান্স জেন্ডার ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ থাকবে। পোশাক খাতে অটোমেশনসহ নানা কারণে চাকরি হারানোর সর্বোচ্চ ঝুঁকিতে থাকা নারী শ্রমিকরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

আরও পড়ুন

×