ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সরকারের কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধির অনুমান এডিবির

সরকারের কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধির অনুমান এডিবির
×

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০১:৪০

বাজেট ঘোষণার পর কয়েকদিনে আগামী অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নিয়ে চলমান বিতর্কের মাঝে এ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সর্বশেষ পূর্বাভাস সরকারের কাছাকাছিই রইল। 

বৃহস্পতিবার এডিবি প্রকাশিত এশীয় উন্নয়ন দৃশ্যকল্পের (এডিও) এর সম্পূরক প্রতিবেদনে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। আর চলতি ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৪ শতাংশ। 

এডিবির এই হালনাগাদ প্রতিবেদনে এ বছর এশিয়ার প্রবৃদ্ধির বিষয়ে আগের ধারণা  থেকে সরে এসে মাত্র শূন্য দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে যা ১৯৬১ সালের পর অর্থাৎ ৬০ বছরের মধ্যে সর্বনিম্ন।

গত ১১ জুন  জাতীয় বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। আর চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য আগের প্রাক্কলন সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়। 

বাজেট ঘোষণার পর বেশিরভাগ অর্থনীতিবিদ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে এত বড় অঙ্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। এমনকি বাজেট উপস্থাপনের আগে বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অনুমান করা হয়েছে মাত্র ১ শতাংশ। আর চলতি অর্থবছরে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির অনুমান করেছে সংস্থাটি। আরেক আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী আইএমএফ মনে করছে, এ বছর ২ শতাংশ এবং আগামী বছর ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। 

এডিবি মনে করছে, আগামী অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে পর্যায়ক্রমে অর্থনীতির পুনরূদ্ধার প্রক্রিয়া শুরু হবে এবং পরের দুটি প্রান্তিকে তা দ্রুত হবে। এডিবি গত এপ্রিলে প্রকাশিত এডিবির মূল প্রতিবেদনে বাংলাদেশের চলতি অর্থবছরে জন্য ৭ দশমিক ৮ শতাংশ এবং আগামী  অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়। 



আরও পড়ুন

×