ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খেলাপি ঋণ আদায়

বেক্সিমকোর প্রধান কার্যালয় ও কারখানা বিক্রির জন্য নিলামে

বেক্সিমকোর প্রধান কার্যালয় ও কারখানা বিক্রির জন্য নিলামে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ০৮:০৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের ঋণ রয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে দুই প্রতিষ্ঠানের আড়াই হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে গ্রুপটির কারখানা, জমি এবং প্রধান কার্যালয় ‘বেল টাওয়ার’ বিক্রির জন্য নিলাম ডেকেছে ব্যাংকটি। গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে জনতা ব্যাংক বন্ধকি এসব সম্পদ বিক্রির ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধে বেল টাওয়ার বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দর প্রস্তাব জমা দিতে হবে। বেক্সিমকো গ্রুপের অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের ১ হাজার ১৩৩ কোটি টাকা আদায়ে প্রতিষ্ঠানটির সম্পদ নিলামে তোলার ঘোষণাও দিয়েছে। গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৩৩ কোটি টাকা। এ ছাড়া বেক্সিমকোর গাজীপুরে ৩ হাজার ৫২৭ শতাংশ জমি ও কারখানা, আশুলিয়ায় ১৪৬ দশমিক ৬৫ শতাংশ এবং নারায়ণগঞ্জে ৪৪০ শতাংশ জমি বিক্রি করা হবে।

গত ২১ নভেম্বর বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠান— ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের ইউনিট-১ ও ইউনিট-২ এক হাজার ৭৫৫ কোটি টাকা; আরবান ফ্যাশনসের ৭২৪ কোটি এবং অ্যাপোলো অ্যাপারেলসের ৮১৬ কোটি টাকা ঋণ আদায়ে আরেকটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক।
এ বিষয়ে বক্তব্যের জন্য জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে জানান, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো গ্রুপের বিপুল অংকের খেলাপি ঋণ আদায়ে এসব নিলাম ডাকা হচ্ছে।

উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান
ঋণ সংকটে বন্ধ বেক্সিমকো টেক্সটাইল কারখানা কেনার চেষ্টা করছে বিদেশি দুই প্রতিষ্ঠান। এ রকম সময়ে নিলাম ডাকায় প্রতিক্রিয়া জানিয়েছে জাপান-বাংলাদেশি প্রতিষ্ঠান ‘রিভাইভাল’ ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান ‘ইকোমিলি’। তারা জানিয়েছে, তাদের সঙ্গে লিজের আলোচনা চলার মধ্যেই হঠাৎ কারখানার স্থাবর সম্পদ ও মেশিনারিজ বিক্রির জন্য জনতা ব্যাংকের সিদ্ধান্তে তারা বিস্মিত। তারা জনতা ব্যাংককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। 

আরও পড়ুন

×