উচ্চ করহার নয়, সেবা নিয়ে অভিযোগ বেশি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ০৭:৩২
| প্রিন্ট সংস্করণ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের প্রধান অভিযোগ করহারের বিরুদ্ধে নয়, বরং ‘নন-ট্যারিফ’ বাধা, বিশেষ করে কাস্টমস সেবার মান ও প্রক্রিয়া নিয়ে। তাঁর মতে, কাস্টমসকে শুধু রাজস্ব আদায়ের সংস্থা হিসেবে দেখার পুরোনো ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবসা সহজীকরণ ও জাতীয় সুরক্ষা নিশ্চিত করার আধুনিক ধারণায় যেতে হবে। গতকাল সোমবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন কাস্টমস কর্মকর্তাকে পুরস্কৃত করা হয় এবং ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৪৯ কেজি স্বর্ণ, দুই লাখ ৪৩ হাজার কার্টন সিগারেট, ১৫ হাজার ২৪৬ লিটার বিদেশি মদ এবং প্রায় দেড়শ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, একই দিনে একই কাস্টমস হাউসে একই দেশ থেকে আসা একই পণ্যে ভিন্ন সিদ্ধান্ত ব্যবসায়ীদের আস্থাহীনতার বড় কারণ। সুপারভাইজরি পর্যায়ে নজরদারি জোরদার করলে এসব অনিয়ম সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি আরও বলেন, একসময় দেশের মোট রাজস্বের প্রায় ৯০ শতাংশ কাস্টমস থেকে এলেও এখন ভ্যাট ও অন্যান্য কর বড় উৎস হয়ে উঠেছে। আন্তর্জাতিক নীতি অনুযায়ী জিডিপির তুলনায় শুল্ক আদায় ১ শতাংশের বেশি হওয়া উচিত নয়, কিন্তু সংরক্ষণবাদী নীতির কারণে বাংলাদেশে তা বেশি। তবে শিল্পায়নের স্বার্থে কিছু সুরক্ষা নীতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
পিআরআইর চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার বলেন, কর্মসংস্থান বাড়াতে শুল্ক ও বাণিজ্য নীতি উদারীকরণ এবং কাস্টমস সেবা আধুনিক করা জরুরি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানো না গেলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যবসা সহজীকরণ সম্ভব। বিদেশি অংশীদারদের প্রধান দাবি হলো কাস্টমসে ‘নন-ট্যারিফ’ বাধা কমানো। অথরাইজড ইকোনমিক অপারেটরের সনদ গ্রহণ করে হাতিল ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, সব ব্যবসায়ী এ সনদ পেলে ব্যবসায় সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতো।
এদিকে সমকালের চট্টগ্রাম ব্যুরো জানায়, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে শহরের র্যাডিসন ব্লু হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন।
- বিষয় :
- সেবামুলক উদ্যোগ
