ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জ্বালানি সমস্যা সমাধানে যথাযথ সমন্বয়ের সুপারিশ

বিসিআইর উদ্যোগে আলোচনা

জ্বালানি সমস্যা সমাধানে  যথাযথ সমন্বয়ের সুপারিশ
×

গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে জ্বালানির ভবিষ্যৎ নিয়ে আলােচনা সভায় পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হােসেন জিল্লুর রহমান, চেম্বারের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং অন্যান্য বক্তারা ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৭:১৮

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের জ্বালানির ভবিষ্যৎ নিয়ে এক গোলটেবিল আলোচনায় জ্বালানি সমস্যা সমাধানে সরকারি এবং বেসরকারি সব পক্ষের মধ্যে যথাযথ সমন্বয়ের সুপারিশ এসেছে। বক্তারা বলেছেন, সরকার এবং ব্যবসায়ীরা মিলে কাজ করলে সমস্যার সমাধানে তা খুব কার্যকর হবে। 

গতকাল শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের (জিটিএফবি) সহযোগিতায় রাজধানীর তেঁজগাওয়ে বিসিআই বোর্ড রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স-এর লিড অ্যানালিস্ট শফিকুল আলম।

বিসিআই সভাপতি বলেন, আমাদের দেশে শিল্প গড়ে উঠেছে তুলনামূলক সস্তা গ্যাস ও জ্বালানি এবং শ্রমের কারণে। ২০২২ সালের পর থেকে আর সস্তা বলতে পারছি না। গ্যাস উত্তোলন কমছে। সরকার এলএনজি আমদানির মাধ্যমে ঘাটতি মেটানোর চেষ্টা করছে। শিল্প ও কর্মসংস্থানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি। এদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। 
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা রয়েছে। সমাধানের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে। সংকট থেকে কীভাবে বের হওয়া যায় সেদিকে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ‘সরকার আমাদের বাইরের কেউ নয়, সরকার আমাদেরই। আমরা যেমন চাই না শিল্প ও কর্মসংস্থান ক্ষিতগ্রস্ত হোক, সরকারও চায় না। এ ধরনের সমস্যা থেকে কীভাবে উত্তরণ সম্ভব তার নির্দিষ্ট প্রস্তাব নিয়ে সরকারকে বোঝাতে হবে।’ 

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, উদ্ভাবনীমূলক আইডিয়া নিয়ে আসতে হবে। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে উদ্যোগী হতে হবে। নিজস্ব জ্বালানি নিরাপত্তার দিকে এগোতে হবে। সোলার একটি সমাধান হতে পারে। জ্বালানি বিষয়ে একটি মনিটরিং সেল থাকা দরকার। এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। তাঁর মতে, বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব রয়েছে। সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে জ্বালানি সমস্যার সমাধান হবে।
সভায় বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের সদস্য ড. মো. রফিকুল ইসলাম, গ্রিনটেক ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, বিআইপিপিএ সভাপতি ডেভিড হাসানাত, বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম স্বপন, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান প্রমুখ অংশ নেন। বিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন। 

আরও পড়ুন

×