নতুন গভর্নরের সই করা ৩ ধরনের নোট আসছে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২০:২৭
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই করা নোট ইস্যু হয়েছে। আজ সোমবার প্রাথমিকভাবে ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট ছাড়া হয়। পর্যায়ক্রমে অন্য সব মূল্যমানের নোট আসবে। জুলাই আন্দোলন পরবর্তী প্রণীত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নকশার এসব নোটে নতুন গভর্নরের সইয়ে বাজারে ছাড়া হচ্ছে। বাজারে ফ্রেশ নোটের চাহিদা মেটাতে একইসঙ্গে আগে ছাপানো টাকা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ছাপানো ফ্রেশ নোটের সঙ্কটের কারণে এখন প্রচুর ছেড়া–ফাটা নোট পাওয়া যাচ্ছে। এ নিয়ে গ্রাহকদের মধ্যে নানা অসন্তোষ দেখা যাচ্ছে। এই সঙ্কট শুরু হয় মূলত ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর একযোগে নতুন নকশার নোট আনতে গিয়ে। আগের নোটে বঙ্গবন্ধুর ছবিযুক্ত থাকলেও নতুন নকশার নোটে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ স্থান পায়। সাধারণভাবে নতুন করে টাকার নকশা প্রণয়ন থেকে শুরু করে বাজারে আনা পর্যন্ত ১২ থেকে ১৮ মাস সময় লাগে। চাহিদা অনুযায়ী সরবরাহ হতে অনেক সময় লেগে যায়। যে কারণে চাহিদার সাথে যোগানে বড় পার্থক্য তৈরি হয়। অবশ্য এই সঙ্কট মেটাতে রোববার থেকে আগে ছাপানোসহ প্রচুর নতুন নোট দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, ব্যাংকগুলো প্রতিদিনই বাংলাদেশ ব্যাংকে টাকা জমা ও উত্তোলন করে। তবে ঈদের আগে টাকা জমার চেয়ে উত্তোলন বেশি করে। চলতি সপ্তাহের রোব ও সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো যতো টাকা নিয়েছে সবই ফ্রেশ নোট। মূলত বাজারে ছেড়া–ফাটা নোট কমানো এবং সবাই যেন নতুন টাকা নিতে পারেন সে জন্য এটা করা হয়েছে। দ্রুত সবার হাতে ফ্রেশ নোট চলে আসবে।
বাংলাদেশ ব্যাংক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই করা ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট ১৮ মে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও যা ইস্যু হবে। বর্তমান গভর্নরের সই করা ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট পর্যায়ক্রমে ইস্যু করা হবে। এসব মূল্যমানের নোটের রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- নতুন নোট
- গভর্নর
