ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকারি রাজস্ব

জুলাই থেকে ম্যানুয়াল চালান সম্পূর্ণ বন্ধ

জুলাই থেকে ম্যানুয়াল চালান  সম্পূর্ণ বন্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:১৩ | আপডেট: ২২ মে ২০২৬ | ০৮:৪১

| প্রিন্ট সংস্করণ

সরকারি সব রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি আগামী ১ জুলাই থেকে বাধ্যতামূলকভাবে ‘এ-চালান’ ব্যবস্থার মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা করতে হবে। একই সঙ্গে ম্যানুয়াল চালান পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, সংবিধান অনুযায়ী সরকারের সব ধরনের রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি ‘সংযুক্ত তহবিল’ অথবা ‘প্রজাতন্ত্রের সরকারি হিসাব’-এ জমা হওয়ার বিধান রয়েছে। ট্রেজারি রুলস অনুসারে এসব অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা। তবে কিছু সরকারি দপ্তর এখনও পুরোনো ম্যানুয়াল কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে। এ ছাড়া অনেক ক্ষেত্রে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার না করে বাণিজ্যিক ব্যাংকে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ জমা রাখার ঘটনাও ঘটছে। এতে সরকারের প্রকৃত নগদ অর্থের অবস্থান নিরূপণ কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে থাকা সরকারি অর্থ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে না পারায় সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে।

পরিপত্র অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সব সরকারি রাজস্ব ও প্রাপ্তির ক্ষেত্রে শতভাগ এ-চালান ব্যবস্থা কার্যকর করতে হবে। কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা অধীনস্থ অফিসে এ-চালানের বাইরে অন্য কোনো আদায় বা জমা পদ্ধতি চালু থাকলে তা অবিলম্বে বাতিল করতে হবে।

আরও পড়ুন

×