ইডিএফ থেকে ঋণ পাবে তিন খাত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৯:৩০
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে কম সুদের ঋণ পাবেন আরও তিন খাতের রপ্তানিকারক। বিজিএমইএ, বিকেএমইএ ও চামড়া খাতের সংগঠনের পাশাপাশি বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের ঋণ দেওয়া যাবে। আজ রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বিষয়ে জারি করা নতুন মাস্টার সার্কুলারে এসব যুক্ত করা হয়েছে।
ইডিএফের সর্বশেষ মাস্টার সার্কুলার জারি হয় ২০১৭ সালে। ইডিএফ নিয়ে পরবর্তীতে জারি করা বিভিন্ন নির্দেশনা একত্রিত করে এই মাস্টার সার্কুলার করা হয়। এর মাধ্যমে রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল ও অন্যান্য উপকরণ আমদানির জন্য বৈদেশিক মুদ্রাভিত্তিক পুনঃঅর্থায়ন সুবিধার পরিচালন নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।
বিদ্যমান নিয়মে– বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত (এডি) ব্যাংকগুলো ইডিএফ থেকে সিকিউড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) ৬ মাসের বেঞ্চমার্কের সঙ্গে শুন্য দশমিক ৫০ শতাংশ যোগ করে পুনঃঅর্থায়ন পায়। আর ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ৬ মাসের বেঞ্চমার্কের সঙ্গে সর্বোচ্চ দেড় শতাংশ সুদ যোগ করে ঋণ দিতে পারে। সাধারণভাবে ১৮০ দিনের মধ্যে এ তহবিল ফেরত দিতে হয়। তবে করোনার পর থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাড়ানো যায়। নির্ধারিত সময়ের মধ্যে কেউ রপ্তানি আয় দেশে না আনলে বা ব্যাংক ঋণের মাধ্যমে দায় পরিশোধ করলে সাধারণভাবে পরবর্তীতে তারা আর এ সুবিধা পাওয়ার যোগ্য হয় না।
সার্কুলারে স্পষ্ট করে জানানো হয়, এখন থেকে বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিবিপিএমইএ) সদস্য রপ্তানিকারক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফইএ) সদস্য সর্বোচ্চ ১০ মিলিয়ন করে ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্যরা পাবেন ৫ মিলিয়ন ডলার। আর তৈরি পোশাক খাতের বিজিএমইএর সদস্যরা ২০ মিলিয়ন, নিটওয়্যার খাতের বিকেএমইএর সদস্যরা ১৫ মিলিয়ন এবং ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) ১৫ মিলিয়ন ঋণ নিতে পারেন। এর আগে রপ্তানিতে কাঁচামাল আমদানির জন্য এসব খাত ঋণ পেলেও নির্দিষ্ট করা ছিলো না। যে কারণে নানা ঝক্কি পোহাতে হতো।