স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন সিইও এনামুল হক
এনামুল হক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৫
| প্রিন্ট সংস্করণ
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এনামুল হককে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
আজ ১ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
এনামুল হক স্ট্যান্ডার্ড চার্টার্ডে তাঁর ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে ব্যাপক অভিজ্ঞতারয়েছে তাঁর।
নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমার অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো। এ ছাড়া ক্লায়েন্ট ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করা এবং সবার কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করা।
প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০২৫ সালের এপ্রিল থেকে এনামুল হক কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এনামুল হক মাউন্ট এলিজা বিজনেস স্কুল, মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের বাইরে তিনি ভ্রমণ উপভোগ করেন এবং চিত্রকলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
- বিষয় :
- স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক