ইএসজি অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সমতা, সামাজিক অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডস’-এ দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। সম্মাননা দুটি হলো–স্বাস্থ্যসেবায় সমতা ও অন্তর্ভুক্তি পুরস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি পুরস্কার। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, এশিয়া অঞ্চলজুড়ে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) সংক্রান্ত কার্যক্রমে অসামান্য প্রতিশ্রুতি ও সাফল্য প্রদর্শনকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মান জানাতে সম্প্রতি সিঙ্গাপুরে ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’ ঘোষণা দেওয়া হয়। ইএসজিবিজনেস হলো একটি শীর্ষস্থানীয় বিটুবি প্রকাশনা ও শিল্প সম্পর্কিত পোর্টালের অংশ, যা বিশ্বজুড়ে ইএসজিবিষয়ক সেবায় নিয়োজিত এবং সিঙ্গাপুর, হংকং, মধ্যপ্রাচ্য ও এর বাইরেও কার্যক্রম পরিচালনা করছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘এই স্বীকৃতি আমাদের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতিফলন। প্রকৃত টেকসই উন্নয়নের অর্থ হলো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। ’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকটির স্বাস্থ্যবিষয়ক উদ্যোগের আওতায় বরেন্দ্র, বিল, চর, উপকূল, পাহাড় ও হাওরাঞ্চলের মতো ৬টি ভিন্ন ভৌগোলিক এলাকার ১০০টি ইউনিয়নে নানা কর্মসূচি পরিচালিত হয়েছে। এর মাধ্যমে সরাসরি ৩০ হাজারেরও বেশি কিশোরী ও তরুণী স্বাস্থ্যসুবিধা পেয়েছেন। পাশাপাশি আরও প্রায় ১ লাখ মানুষ পরোক্ষভাবে সুফল পেয়েছেন। এ অবদানের স্বীকৃতিতে ব্যাংকটিকে ‘স্বাস্থ্যসেবায় সমতা ও অন্তর্ভুক্তি পুরস্কার’ দেওয়া হয়েছে।
তরুণ, নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দক্ষতা উন্নয়নে কাজ করায় ব্যাংকটি অর্জন করে নিয়েছে ‘কর্মসংস্থান সৃষ্টি পুরস্কার’। তরুণদের কর্মদক্ষ করে তুলতে ইউসেপের সঙ্গে এবং ইউনিসেফের সঙ্গে যৌথ প্রকল্প পরিচালনা করছে ব্যাংকটি।
- বিষয় :
- স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক