ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল সরকার

প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল সরকার
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০১:১২

ইতিহাসে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় (বাইব্যাক) নিলাম করেছে সরকার। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লাইবিলিটি ম্যানেজমেন্ট অপারেশনস’-এর একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এর মাধ্যমে সরকার মেয়াদপূর্তির আগেই বাজার থেকে বিদ্যমান সরকারি সিকিউরিটিজ তুলে নিতে পারে।

মন্ত্রণালয়ের ভাষ্য, এ ধরনের বাইব্যাকের মাধ্যমে সরকারি ঋণের এককালীন পরিশোধের চাপ কমানো, পুনঃঅর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা ও গতিশীলতা বাড়াতে এটি ভূমিকা রাখবে।

অর্থ বিভাগ বলছে, সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমবারের এই বাইব্যাক নিলাম ওই সংস্কারের অংশ।

সরকার জানিয়েছে, মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের নিলাম করা হবে। এ ক্ষেত্রে বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান, বাজারের তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা ও সরকারি ঋণের সামগ্রিক কাঠামো বিবেচনায় নেওয়া হবে।

আরও পড়ুন

×