ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো শুরু

তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো শুরু
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বারভিডা কার এক্সপো ২০২৬। রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে। আগামীকাল শনিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। 

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি আবদুল হক। সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা পিকে রায়, পূবালী ব্যাংকের কনজুমার ক্রেডিট স্কিমের প্রধান মালেকুল ইসলাম, বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু, সাবেক সভাপতি মো. হাবিবউল্লাহ ডন ও সাবেক সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বাবর।

আয়োজকরা জানান, বাংলাদেশের অটোমোবাইল খাতের অন্যতম প্রধান এই প্রদর্শনীতে জাপানের জনপ্রিয় বিভিন্ন ব্র্যাডের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শন করা হচ্ছে। সাধারণ ক্রেতারা সরাসরি গাড়ি দেখা, বিভিন্ন মডেল ও প্রযুক্তি তুলনা করা, দাম যাচাই এবং বাজেট অনুযায়ী পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন। এতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ বিভিন্ন আকর্ষণীয় মডেল উপস্থাপন করা হচ্ছে। গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ, সহজ ও ক্রেতাবান্ধব করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বারভিডা নেতারা নীতি প্রণয়নকালে জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান জানান। তারা বলেন, বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন যাত্রায় জাপানি রিকন্ডিশন্ড গাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 
সংগঠনের নেতারা বলেন, ৬৬০ সিসির ছোট আকৃতির জাপানি ‘কে কার’ আমদানিতে শুল্ক ও অন্যান্য নীতিগত ছাড় দেওয়া হলে এগুলো শহরের জন্য ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশার টেকসই বিকল্প হতে পারে। এর মাধ্যমে নগরবাসীকে একটি আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা উপহার দেওয়া সম্ভব।

আরও পড়ুন

×