ঢাকা ইমপিরিয়াল কলেজে উদ্ভাবন ও বিজ্ঞান উৎসব উদ্বোধন
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:২০
মেধাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চা বিস্তারে শনিবার ঢাকা ইমপিরিয়াল কলেজে শুরু হয়েছে ‘৮ম ডিআইসি ইনোভেশন অ্যান্ড সায়েন্স কার্নিভাল-২০২৬’। উৎসবে বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প ও সৃজনশীল উদ্ভাবন নিয়ে অংশ নিচ্ছেন ঢাকা মহনগরীর বিভিন্ন স্কুল-কলেজের দুই সহস্রাধিক শিক্ষার্থী। এ আয়োজনে থাকছে– প্রজেক্ট ডিসপ্লে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, উপস্থিত বক্তৃতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান ও আইসিটি বিষয়ক অলিম্পিয়াড, ট্রেজার হান্ট, ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন ইত্যাদি। কার্নিভালের অন্যতম আকর্ষণ সাধারণ জ্ঞানভিত্তিক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ‘একটুখানি বিজ্ঞান’।
আজ উদ্বোধনী আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ব্যানবেইসের পরিচালক (পরিসংখ্যান)অধ্যাপক মো. গোলাম ফিরোজ, সুপার স্টার গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (স্ট্রাটেজিক কমিউনিকেশন ডিপার্টমেন্ট) আবু সাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ। দুই দিনের এ আয়োজন শেষ হবে আগামীকাল। এ আয়োজনে মিডিয়া পার্টনার সমকাল।
- বিষয় :
- শিক্ষা
