ব্যাচেলর পয়েন্ট: সিজন ফোরেও নেই তৌসিফ-শামীম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ০৪:৫১ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ০৫:০৮
প্রচারের শুরু থেকেই তুমুল দর্শকপ্রিয় হয়ে ওঠে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির তৃতীয় কিস্তি শেষ হওয়ার পর দর্শকদের পক্ষ থেকে চতুর্থ কিস্তির নির্মাণের বেশ দাবি আসে নির্মাতার কাছে। অনেক তরুণ তো রাস্তায়ও দাঁড়িয়ে যায় এই দাবিতে। অবশেষে সুখবর জানান নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। জানান, শিগগিরই আসছে 'সিজন ফোর'। আগামীকাল থেকে শুরু হচ্ছে নাটকটির এই চতুর্থ কিস্তি। সপ্তাহে ৩ দিন শুক্রবার, শনিবার ও রোববার 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর' প্রচার হবে বলে জানান নির্মাতা।
নাটকটির প্রথম ও দ্বিতীয় কিস্তিতে অভিনেতা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার থাকলেও তৃতীয় কিস্তিতে দেখা যায়নি তাদের। তারা এতে নেহাল ও আরেফিন চরিত্রে অভিনয় করেন। তৃতীয় কিস্তিতে তাদের না দেখে হতাশ হয়ে পড়েছিলেন দর্শকরা। তাদের ফিরিয়ে আনার দাবিও তুলেন তারা।
সে সময় নির্মাতা অমি জানান, সময় এবং পরিস্থিতির পাশাপাশি সবকিছু মিলে যায় তাহলে অদূর ভবিষ্যতে আরেফিন ও নেহাল চরিত্র আবার আসতেও পারে। এমন তো না যে, চরিত্রগুলো মারা গেছে। তারা জীবিত আছে। কেবল তারা ফ্ল্যাটে একসঙ্গে নেই। তারা নিজেদের মতো করে আলাদা আছে। ভবিষ্যতে আবার কাবিলা, শুভ, পাশা ও হাবু ভাইদের সঙ্গে নেহাল ও আরেফিনদের দেখা হয়ে যেতেই পারে।’

ব্যাচেলর পয়েন্টের এই চতুর্থ কিস্তিতেও নেই নেহাল ও আরেফিন চরিত্রটি। মানে এই কিস্তিতেও তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকারকে দেখতে পাবেন না তাদের ভক্তরা।
সমকালকে নির্মাতা কাজল আরেফিন অমিও নেহাল ও আরেফিন চরিত্র দুটি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এ পর্বেও নেহাল ও আরেফিন চরিত্র দুটি নেই। তবে নতুন করে দুটি চরিত্র যোগ করা হয়েছে। থাকছে আরও নতুন কিছু চমক।'
এদিকে, চতুর্থ সিজন ঘোষণার পরপরই শামীম হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। যেখানে তিনি জানান, ব্যাচেলর পয়েন্টের পোষ্টে অকারণে তাকে ট্যাগ না দিতে, অনেক আগেই ছেড়ে দিয়েছেন।

যেহেতু তৃতীয় সিজনে ছিলেন না, তাই চতুর্থ সিজনে না থাকারই কথা। এছাড়া তিনি আরও লেখেন, ব্যাচেলর পয়েন্ট সিরিজটি তিনি সেচ্ছায় ছেড়েছেন, কেউ তাকে বাদ দেননি। তবে স্ট্যাটাসটি আবার কিছু সময়ের মধ্যেই তিনি সরিয়ে ফেলেন।
‘ব্যাচেলর পয়েন্ট’ ২০১৮ সালে প্রথম প্রচারিত হয় চ্যানেল নাইনে। এরপর ধ্রবটিভিতে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি প্রচার হয়। এবারও এই চ্যানেলেই দেখা যাবে চতুর্থ কিস্তি।
চতুর্থ কিস্তি প্রচারের আগে প্রকাশ করা হয় ধারাবাহিকটির পরে নতুন‘থিম সং। গানটি প্রকাশের পর লুফে নিয়েছেন দর্শকরা। ইউটিউব ট্রেন্ডিংয়েও চলে আসে গানটি।
তরুণ প্রজন্মের জীবনযাপন, আবেগ, হাসি ও আনন্দ নিয়ে নির্মিত এই ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা ও পাভেলসহ অনেকেই।
- বিষয় :
- ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর
- তৌসিফ
- শামীম
- বিনোদন