ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

একজন নোবেলম্যান

একজন নোবেলম্যান
×

আদিল হোসেন নোবেল

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০ | ০৪:৪৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ | ০৪:৫২

 'যে গল্পে জীবনকে খুব কাছ থেকে দেখা যায়, সে ধরনের নাটকে অভিনয়ে স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। এ গল্পগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করে। তেমনই গল্পের একটি নাটকে সম্প্রতি অভিনয় করেছি। নাটকে জীবনবোধের কিছু ইঙ্গিত দিতে চেয়েছেন নির্মাতা।'

'বি পজেটিভ' নামে একটি নাটকে অভিনয় প্রসঙ্গে এভাবে নিজের অনুভূতির কথা জানালেন মডেল অভিনেতা আদিল হোসেন নোবেল। সাব্বির চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন রূপক বিন রউফ। এতে নোবেলকে দেখা যাবে 'সালমান' চরিত্রে। তার সহশিল্পী মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। গেল কোরবানির ঈদেও 'অহংকার' নাটকের এ জুটির রসায়ন উপভোগ করছেন দর্শক।

শুধু মডেলিং করেই দর্শক-ভক্তের মন জয় করা যায় তার প্রমাণ নোবেল দিয়েছেন বহুবার। তার ক্যারিয়ারের শুরুটা মসৃণ ছিল না। এমবিএ শেষ করে ঢাকায় এসে ফ্যাশন জগতের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ১৯৯১ সালে বরেণ্য নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের নির্দেশনায় কোমল পানীয় স্প্রাইটের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। কিন্তু সেটি প্রচার হয়নি। এ নিয়ে খুব মন খারাপ হয়েছিল। স্বপ্নভঙ্গ বলে কথা। তবে আফজাল হোসেন তাকে সাহস জুগিয়েছিলেন। বলেছিলেন, 'সুযোগ আবার আসবে'। সেই সুযোগ আফজাল হোসেনই দিয়েছিলেন তাকে। আফজাল হোসেনের নির্দেশনায় আজাদ বলপেনের বিজ্ঞাপনে মডেল হন তিনি। সেই বিজ্ঞাপন দিয়েই তারকা বনে গেলেন সুদর্শন নোবেল। এরপর রচিত হয় তার শুধুই সাফল্যের গল্প। দিন দিন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের মডেলিং জগতের একচ্ছত্র অধিপতি হিসেবে।

বছরজুড়ে ছোট পর্দায় নোবেলকে না পাওয়া গেলেও ঈদ কিংবা যে কোনো উৎসব আয়োজনে তার থাকে সরব উপস্থিতি। আসছে ঈদেও ছোট পর্দায় তাকে দেখা যাবে। এরই মধ্যে ঈদের নাটকের স্ট্ক্রিপ্ট যাচাই-বাছাই শুরু করেছেন তিনি। আসছে ঈদের একটি নাটকে তাকে দেখা যাবে তারকা অভিনেত্রী পূর্ণিমার বিপরীতে।

মডেল হিসেবে যার পরিচিতি তাকে সে মাধ্যমে ইদানীং খুব একটা পাওয়া যায় না। তাহলে কি মডেলিং কমিয়ে দিয়েছেন নোবেল? না, বিষয়টি সে রকম নয়। ভালো মানের বিজ্ঞাপন তো পেতে হবে। যেনতেন পণ্যের প্রচারক হতে পারি না। মডেলিং কিংবা অভিনয়ের ক্ষেত্রে দুটি বিষয় অবশ্যই আমার মাথায় রাখতে হয়। প্রথমত, ভালো মানের নাটক কিংবা বিজ্ঞাপন। আর দ্বিতীয়ত, চাকরি ব্যস্ততার বাইরে হাতে সময় থাকা। এ দুটি যোগ ঠিকঠাক থাকলেই কাজ করছি। এ কারণে কাজ কম হচ্ছে। যে জন্য হয়তো পর্দায় আমাকে সেভাবে দেখতে পাচ্ছেন না দর্শক।- বললেন নোবেল।

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও যে নোবেলের ভালো লাগা এবং ভালোবাসা রয়েছে, তা অনেকের কাছে অজানা। শুধু গান গাওয়াই নয়, পাশাপাশি কথা ও সুরও করেছেন তিনি। খ্যাতনামা শিল্পীদের সঙ্গে এক মঞ্চে গানও করেছেন। খেলাধুলার প্রতি তার বেশ আগ্রহ রয়েছে। ক্রিকেট বেশি ভালোবাসেন। একটা সময় ভাবতেনও ক্রিকেটার হবেন। নানা ব্যস্ততায় তার সে আশা যেন মিইয়ে গেছে। সেই নব্বইয়ের দশকের শুরুর দিকে নোবেলে যাত্রা শুরু। ক্যারিয়ারের তিন দশক পেরিয়ে এখনও চিরতরুণ তিনি। কীভাবে নিজেকে এত ফিট রাখেন। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সঠিক সময় খাওয়া, অফিস করা ছাড়াও প্রতিদিন ব্যায়াম, সুইমিং, জিম করা আমার রুটিন ওয়ার্ক। আসলে পরিকল্পনামাফিক কাজ করলে যে কোনো কাজেই সাফল্য পাওয়া যায়। নিজের ওপর আস্থা রেখে প্রতিবন্ধকতা এড়িয়ে ধৈর্য ধরে চলতে হবে লক্ষ্যপথে।

আরও পড়ুন

×