‘তার জন্যই আলাদা মানচিত্র ও পতাকা পেয়েছি’
বঙ্গবন্ধুর রুপে আরিফিন শুভ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৫:২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুর দিনে চিত্রনায়ক আরিফিন শুভ বললেন, ‘ বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্নই তাকে অনেকদূর নিয়ে এসেছে।বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা একটা আলাদা মানচিত্র,পতাকা পেয়েছি।’
এদিকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবিটির নামও রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু’। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করছেন ছবিটি। সর্বশেষ প্রকাশিত তালিকা মোতাবেক ছবিটিতে বঙ্গবন্ধূর চরিত্রে অভিনয় করছেন শুভ। ছবিটির শুটিং এ মাসে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে পেছানো হয়েছে শুটিং।
যদিও ছবিটি বিষয়ে এখনও কোন মন্তব্য করার অনুমতি পাননি শিল্পীরা। তবে প্রিয় নেতাকে নিয়ে অনূভূতি প্রকাশে তো কোন বাধা নেই। শুভ তাই প্রিয় নেতাকে নিয়ে বললেন, ‘বঙ্গবন্ধু নিজের জন্য ভাবেননি, দেশের কথা, দেশের মানুষের কথা ভেবেছেন। নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে গেছেন। নিজের জীবন বিপন্ন করে মানুষের কথা ভেবেছেন। এমন মহান নেতা আর একটাও নেই।’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ।। জাতীয় শিশু দিবসও । ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে নেয়া খোকাই পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী।
এই বাঙ্গালির মুক্তির দিশারীকে হৃদয়ে ধারণ করে শুভ। স্বপ্নবাজ একজন মানুষ হিসেবেই বিশেষভাবে সামনে রাখেন। শুভ বলেন, ‘দেশকে ভালোবেসে অনেক কিছু স্যাক্রিফাইজ করেছেন। বঙ্গবন্ধু মানেই আমার কাছে স্বপ্নবাজ একটা মানুষ। বঙ্গবন্ধু মানেই আমার বাংলাদেশ।’
