স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৪:৩৯ | আপডেট: ১৯ মার্চ ২০২০ | ০৮:০৯
করোনাভাইরাসের কারণে২০ মার্চ শুক্রবার থেকে ২ এপ্রিল পর্যন্ত মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে।
দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। মাল্টিপ্লেক্সটির সব শাখাতেই দর্শকদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রবেশপথ ও টিকেট কাউন্টারে স্যানিটাইজার রাখা হয়েছে এবং দর্শকদেরকে এটি ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি নিজের স্টাফদের হ্যান্ডগ্লাভস ও মাস্ক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শকদের সঙ্গে সরাসরি বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এমন কর্মকর্তা ও কর্মচারীরা হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহার করেন। এছাড়া প্রত্যেক শো শেষে জীবাণুনাশক ব্যবহার করে চেয়ার ও হলরুম পরিষ্কার করা হচ্ছে।
করোনাভাইরাসের কারণে এরইমধ্যে দিল্লী এবং মুম্বাইয়ের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত দিল্লীর সব সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- স্টার সিনেপ্লেক্স
- বন্ধ
- করোনাভাইরাস
