দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় অমিতাভ
ছবি: ফাইল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১০:২৭ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০১:২১
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বয়স হয়েছে। এখন আর আগের মতো শারীরিক শক্তি নেই। শরীরে তাই বাসা বাধছে নানা রোগ। কিডনির সমস্যার কথা অমিতাভ আগেই জানিয়েছিলেন। বলেছিলেন, মাত্র ২৫ শতাংশের ভরসায় বেঁচে রয়েছেন তিনি। এবার দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় অমিতাভ। জানালেন, এখন সমস্ত কিছু ঝাপসা দেখেন তিনি। বিষয়টি তাকে বেশ ভাবাচ্ছে।
করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে ভারতে। হোম কোয়ারেন্টাইনে দিন কাটাচ্ছেন অমিতাভ। লিখছেন কবিতা। সামাজিক মাধ্যমে মানুষকে সতর্ক করে বার্তাও পোস্ট করছেন। বাসায় অবসরে এক ব্লগে লিখে জানিয়েছেন তার চোখে ঝাপসা দেখার কথা।
লিখেছেন, ‘সবকিছু ঝাপসা দেখি আমি। কিছুদিন ধরে তো আবার সবকিছু দু’টো করে দেখছি। আমার মনে হচ্ছে অন্ধত্ব আর বেশি দূরে নয়। আরও অনেক শারীরিক সমস্যা আমাকে জর্জরিত করে তুলেছে।’ এরপরই শৈশবে ফিরে গিয়েছেন শাহেনশা। লিখেছেন, ছোটবেলা যখন চোখে সমস্যা হত, মা তেজি বচ্চন আঁচলের শেষ অংশ গোল বলের মতো করে মুখের গরম ভাপ দিয়ে চোখে দিতেন। মুহূর্তে ব্যথা গায়েব হয়ে যেত। এখন সেসব কথা মনে পড়ছে অমিতাভের।
তবে চিকিৎসরা নাকি বলছেন ভিন্ন কথা। তারা অমিতাভকে অভয় দিয়েছেন। তারা বলছেন অযথাই ভয় পাচ্ছেন এ অভিনেতা। দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা বিন্দুমাত্র নেই তার। সেকথাও ব্লগে জানিয়েছেন তিনি।
লিখেছেন, চিকিৎসকের কথা মেনে এখন তিনি গরম জলের তোয়ালে ভিজিয়ে চোখে দেন। প্রতি ঘণ্টায় নিয়ম মেনে চোখের ড্রপও নেন। কম্পিউটার থেকেও দূরে থাকেন।
