অভিনেত্রীদের যৌন হেনস্তার রিপোর্ট প্রকাশ, সামান্থার নতুন দাবি
সামান্থা রুথ প্রভু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:০৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩৩
যৌন হেনস্তার অভিযোগে বিদ্ধ গোটা মালায়লাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সিনেমা জগতে নবাগত কিংবা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অন্ধকার-বাস্তবের কথা প্রকাশ্যে আসতেই ফের নতুন করে মি-টু আন্দোলন শুরু হয়েছে। প্রকাশিত হয়েছে হেমা কমিটির রিপোর্ট। যা নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া।
এবার সরকারের কাছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর দাবি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেও এমন রিপোর্ট প্রকাশিত হোক।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা লিখেছেন, ‘আমরা তেলুগু ছবির দুনিয়ার নারীরা হেমা কমিটির রিপোর্টকে স্বাগত জানাই। কেরলের ডাব্লিউ’র ক্রমান্বয় প্রচেষ্টাকে কুর্নিশ, যা আন্দোলনের পথ তৈরি করেছে। আমরা তেলেঙ্গানা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে হওয়া যৌন হয়রানির বিষয়ে জমা দেওয়া সাব কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য। যা সরকার এবং শিল্প নীতিগুলোর কাঠামো তৈরি করতে সাহায্য করতে পারে। ফলে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠা করা যায়।’

প্রসঙ্গত, হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন ১০ থেকে ১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা। ২০১৭ সালে এই কমিটি গঠিত হয়। ২০১৯ সালে জমা পড়ে রিপোর্ট। কিন্তু আইনি বাধা থাকায় এতদিন তা প্রকাশ্যে আনা সম্ভব হয়নি। এবার রিপোর্ট প্রকাশিত হতেই শোরগোল পড়ে গেছে।
