অভিনয় আমার ভালো লাগার বিষয়, পেশা নয়: নাবিলা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:৪৭ | আপডেট: ০৫ জুন ২০২০ | ০৯:৫১
মাসুমা রহমান নাবিলা। মডেল, উপস্থাপক ও অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে ছোটদের রান্নাবিষয়ক অনুষ্ঠান 'তীর লিটল শেফ-সিজন টু'। অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। এ আয়োজন, সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
‘তীর লিটল শেফ' অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা কেমন ছিল?
অন্য যে কোনো অনুষ্ঠান থেকে এ আয়োজনে কাজ করার অভিজ্ঞতা অন্যরকম। কারণ এটা বড়দের নয়, ছোটদের রান্নার অনুষ্ঠান। বড়দের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক। কিন্তু ছোটদের জন্য আয়োজিত এমন অনুষ্ঠানে এই প্রথম। ছোটদের সঙ্গে যে কোনো কাজ বেশ উপভোগ করি। এই আয়োজনেও এর ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানটির প্রথম সিজনেও যুক্ত ছিলাম। অনেকটা মাস্টার শেফের আদলে এটি সাজানো হয়েছে। ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণ শেষ করেছিলাম।
সিনেফ্রেমের পর প্রকাশ পেল ওয়েব সিরিজ 'ঘরে বসে আয়নাবাজি'। দুটি মাধ্যমে কাজের অভিজ্ঞতা থেকে কোনটি বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে?অবশ্যই দ্বিতীয়টি। যদিও নির্মাতা, সহশিল্পী প্রত্যেকেই আগের ছিল। কিন্তু সবাইকে নিজ বাসায় থেকে কাজ করতে হয়েছে। নির্মাতা অমিতাভ রেজা দৃশ্যধারণ বুঝিয়ে দেওয়ার পর নিজেরা সেভাবে শুটিং করতাম। তা ছাড়া সহশিল্পী ছাড়া অভিনয় ছিল চ্যালেঞ্জিং। তবে এত কিছুর মধ্যেও এ কাজটি উৎসাহ নিয়ে করেছি। কারণ 'আয়নাবাজি' মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই আমরা বিনোদনের চেয়ে করোনা সংকটে সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকে গুরুত্ব দিয়েছি।

সামনের দিনগুলোয় কী করার পরিকল্পনা আছে?
অনেক পরিকল্পনা করে কিছু করতে চাইছি, এমন না। ভালো কিছু কাজ করব- এটা শুধু মাথায় রেখেছি। এখন দেখার বিষয় হলো, অভিনয়ের বিষয়ে আমি যে ধরনের কাজ করতে চাই, সে ধরনের কাজের সুযোগ পেতে কতদিন লাগে। তেমন কোনো তাড়াহুড়া নেই। কারণ অভিনয় হলো আমার ভালো লাগার বিষয়, পেশা নয়। এজন্য রুটিন করে নিয়মিত কাজও করতে চাই না। তাই একপা দু'পা করে পথ চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এভাবেই মাঝে মধ্যে আনন্দ নিয়ে অভিনয় করে যেতে চাই।
তাহলে কি সিনেমার চেয়ে উপস্থাপনায় বেশি মনোযোগ দিতে চাইছেন?
এটা ভাবলে ভুল হবে না যে, অভিনয়ের চেয়ে উপস্থাপনায় আমি বেশি মনোযোগী। আসলে উপস্থাপনা সব সময় আমার কমফোর্ট জোন। অভিনয় করি শুধু ভালো চিত্রনাট্য পেলে। একটু বেছে কাজ করার পক্ষপাতী আমি। তা না হলে আয়নাবাজির পর এতদিনে আরও কয়েকটি সিনেমায় আমাকে দেখা যেত।
লকডাউন শেষ হলো। কাজে ফিরবেন কবে?
যদিও এরই মধ্যে অনেকেই আমার সঙ্গে কাজের বিষয়ে যোগাযোগ করেছেন। কিন্তু পরিবারের সুরক্ষার কথা ভেবে আপাতত বাইরের কোনো শুটিংয়ে অংশ নেব না। তবে বাসায় থেকে কাজের প্রস্তাব পেলে আপত্তি নেই।