ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালতে দুই জলির বিবাদের মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ে ছাগল!

আদালতে দুই জলির বিবাদের মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ে ছাগল!
×

আরশাদ ওয়ার্সি ও অক্ষয় কুমার

আলিফ তাসবির

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:০২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:০৪

বলিউড চলচ্চিত্র অঙ্গনের আলোচিত দুই জলি চরিত্র আবারও রুপালি পর্দায় হাজির হচ্ছে; আগের দুই কিস্তিতে তাদের উপস্থিতি ছিল আলাদাভাবে। এবার আইনি লড়াইয়ে একই মঞ্চে একে অন্যের মুখোমুখি হবে নিজ নিজ যুক্তি, অহংকার আর খুনসুটির ঝুলি নিয়ে। একজন জলি মিশ্র, অন্যজন জলি ত্যাগী। অর্থাৎ ‘জলি এলএলবি’র এবারের কিস্তির প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’।

আদালতের ভেতরে এক মজার বিশৃঙ্খলা– যেখানে তর্ক, ঝগড়া, খোঁচা ও কৌতুক মিলেমিশে তৈরি করবে হাসির সুনামি। আগের দুই পর্বের দুই কেন্দ্রীয় চরিত্রকে একসঙ্গে একই পর্দায় দেখা মানেই দ্বিগুণ উত্তেজনা, দ্বিগুণ বিনোদন। ‘জলি এলএলবি’র নতুন কিস্তির টিজারে দেখা গিয়েছিল আদালতে দুই জলির তুমুল বিবাদের ঝলক! যা থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় বিচারক সুন্দর লাল ত্রিপাঠীকে। আর তাদের বিবাদের মাঝেই অনায়াসে কোর্টরুমে ঢুকে পড়ে ছাগল! কী অকল্পনীয় কাণ্ড! এ কি তবে ছাগলকাণ্ড!! বিচারকের আসনে বসে ত্রিপাঠীর তো থ বনে যাওয়ার দশা।

সব মিলিয়ে ‘জলি এলএলবি থ্রি’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছে, তা সহজেই অনুমান করা যায়। ‘জলি এলএলবি থ্রি’-এ যেমন দেখা যাবে সমাজের নানা আইনি সমস্যা নিয়ে হাস্যরসাত্মক কটাক্ষ, তেমনি থাকবে বাস্তব জীবনের সঙ্গে মেলানো বার্তাও। একদিকে গুরুগম্ভীর বিচার, অন্যদিকে আদালতের হাস্যকর আবহ– এই দ্বৈত ধারা নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

নির্মাণের শুরু থেকেই আইনি জটিলতার সঙ্গে জড়িয়ে আছে ‘জলি এলএলবি থ্রি’। এবার অভিযোগ উঠেছে, দেশের বিচারব্যবস্থাকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে সিনেমাটিতে। তাই এ ছবির মুক্তি আটকাতে এরই মধ্যে একাধিক শহরে মামলা হয়েছে। যদিও এলাহাবাদ হাইকোর্ট ছবিটি মুক্তির অনুমতি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে। এসব আইনি জটিলতার মাঝেও সম্প্রতি উন্মুক্ত হলো ছবির ট্রেলার। সর্বশেষ আপত্তি উঠেছে এ ছবির ‘ভাই অকিল হ্যায়’ শিরোনামে একটি গানের কথা নিয়ে। যেখানে কখনও বিচারপতিকে ‘মামা’ বলা হয়েছে, কখনও আবার ‘উকিলের প্যাকেজ চুক্তি’র মতো সংলাপ উঠে এসেছে।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জলি এলএলবি’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এরপর ২০১৭ সালে দ্বিতীয় কিস্তি বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি ব্যবসা করে। আর চলতি বছর মুক্তি পেতে চলা ‘জলি এলএলবি থ্রি’-তে প্রথমবারের মতো দুই জলিই একসঙ্গে আসছেন। ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজি সব সময়ই দারুণ রসবোধের মাধ্যমে সামাজিক ইস্যুগুলো তুলে ধরার জন্য পরিচিত। তৃতীয় পর্বেও সেই ঐতিহ্য বজায় রেখেছে।

ছবির ট্রেলার থেকে ইঙ্গিত পাওয়া যায়, কৃষকদের সমস্যা নিয়ে এই পর্বের গল্প গড়ে উঠেছে, যেখানে জলি মিশ্রকে ভুল পক্ষে থাকতে দেখা যায়। এ ক্ষেত্রে হাসির মোড়ক বজায় রেখে ছবিটি কঠিন প্রশ্ন উত্থাপন করবে। এটা শুধু মজার কিছু সংলাপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে রসবোধের সঙ্গে গভীর বার্তা মিশে আছে।

এ ছবিতে আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার এবং জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসিকে অভিনয় করতে দেখা যাবে। তাদের বিপরীতে রয়েছেন নির্ধারিত দুই অভিনেত্রী পুষ্প মিশ্রের ভূমিকায় হুমা কুরেশি ও সন্ধ্যা ত্যাগীর ভূমিকায় অমৃতা রাও। বিচারক সুন্দর লাল ত্রিপাঠীর ভূমিকায় যথারীতি অভিনয় করেছেন সৌরভ শুক্লা।

কলকাতার বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রূপদান করতে দেখা যাবে। সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি’ সিরিজের তৃতীয় কিস্তি ও ‘জলি এলএলবি টু’র সিক্যুয়াল ‘জলি এলএলবি থ্রি’ মুক্তি পাবে আগামীকাল ১৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন

×