আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে সাতপাকে বাঁধা, লাস ভেগাসে আচমকাই বিয়ে তনুশ্রীর
সাতপাকে বাঁধা পড়লেন তনুশ্রী-সুজিত। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৪:০৩
ঘটনাটা যেন পুরোপুরি সিনেমার দৃশ্য! ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। উদ্দেশ্য ছিল প্রবাসী প্রেমিক সুজিত বসুর সঙ্গে কিছু দিন নিরিবিলি সময় কাটানো। কিন্তু সেই নির্জন সময়ই পাঁচ মাসের প্রেমকে পরিণয়ে নিয়ে এল—যা তনুশ্রী নিজেও ভাবেননি!
লাস ভেগাসে এক পাঁচতারকা হোটেলে একান্ত আয়োজনেই হয়েছে তাদের বিয়ে। সেখানকার কিছু দারুণ মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে টালিগঞ্জে চলছে তুমুল আলোচনা।
সুজিত বসু পেশায় আইটি ইঞ্জিনিয়ার। ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। বহু দিনের পরিচয় হলেও প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। কিন্তু সেই অল্প দিনের ভালোবাসাই আজ আজীবনের বন্ধনে রূপ নিয়েছে।
তনুশ্রী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ভাবনাটা ছিল ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন কাটাব—এটাই ভাবছিলাম। বিয়ে করব, তা একবারও মাথায় আসেনি।
কিন্তু গল্পে চমক ছিল আরও বড়। ঘোরাঘুরির মাঝেই সুজিত হঠাৎ বললেন—চলো, বিয়েটা সেরে ফেলি?
নায়িকা কিছু বুঝে ওঠার আগেই যেন জাদুর মতো সব প্রস্তুত হয়ে যায়। রাতারাতি ঠিক হয় বিয়ের ভেন্যু। হাজির হয় স্বপ্নের মতো লেহেঙ্গা আর মানানসই গয়না। তনুশ্রীর ভাষায়—সবটা এখনও স্বপ্নের মতো লাগছে। ঘোর কাটেনি। বিশ্বাসই হচ্ছে না, ও কীভাবে রাতারাতি সব ব্যবস্থা করে ফেলল!
- বিষয় :
- তনুশ্রী চক্রবর্তী
- বিয়ে
