ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বসন্ত-ঈদ মিলে সালমার ব্যস্ততা

বসন্ত-ঈদ মিলে সালমার ব্যস্ততা
×

মৌসুমী আক্তার সালমা

সাদিয়া মুনমুন

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১৬:২৩

আবদার, অনুরোধ কিংবা প্রত্যাশার ঝাঁপি খুলে বসতে হবে না। তার আগেই শিল্পী মৌসুমী আক্তার সালমা পৌঁছে দেবেন সাত সুরের নতুন আয়োজন। ঋতুরাজ বসন্তের হাওয়ায় ভেসে কানে কানে পৌঁছে যাবে, অনিন্দ্য সুন্দর কণ্ঠে গাওয়া সালমার নতুন গান। শুধু বসন্ত নয়, ঈদ উৎসবকে ঘিরে কাটছে এই ক্লোজআপ ওয়ান তারকার ব্যস্ত সময়। তাই এটুকু নিশ্চিত করে বলা যায়, সালমার তরফ থেকে এবারের উৎসবে আরও কিছু উপহার পেতে যাচ্ছেন সংগীতপ্রেমীরা।

এখন যদি কেউ প্রশ্ন করেন, এতটা নিশ্চিত হয়ে আমরা এ কথা বলছি কীভাবে? নিশ্চিত হয়ে বলতে পারছি এ কারণে যে, গানের প্রকাশনায় যারা ধারাবাহিকতা ধরে রেখেছেন সালমা তাদের অন্যতম একজন।

শুধু তাই নয়, খেয়াল করলে এও চোখে পড়বে– সালমা দায়বদ্ধ সমস্ত ভক্ত-অনুরাগীদের কাছে। যে কারণে তাদের প্রত্যাশা পূরণ না করলেই নয়। একইভাবে এও সত্যি যে, শ্রোতার কারণেই তার শিল্পীজীবন প্রবহমান। গানের ভুবনে পা রাখার পর শ্রোতাই হয়ে উঠেছে সালমার ক্যারিয়ারের দিকনির্দেশক। এ কথা স্বীকার করেন সালমা নিজেও।

তিনি জানান, সাত সুরের সঙ্গে যেদিন থেকে আষ্টেপৃষ্ঠে বাধা পড়েছেন, সেদিন থেকে রচিত হওয়া শুরু হয়েছে তাঁর ভাগ্যলিপি। নিজেও জানতেন, এই জীবনে যত কিছুই করুন না কেন, তা কখনও গান গাওয়ার আনন্দ এনে দিতে পারবে না। এর চেয়ে বড় কথা, গানকে দূরে ঠেলে দেওয়া কোনোভাবে তাঁর পক্ষে সম্ভব নয়। তাই নানা পথ ঘুরে সুরের ভুবনেই পা রাখতে হতো তাকে।

সালমার এই কথা যে বিন্দুমাত্র মিথ্যা নয়, তা এই ক্লোজআপ ওয়ান তারকার ক্যারিয়ারগ্রাফের দিকে নজর দিলেই স্পষ্ট হয়। সে যা-ই হোক, সামনে নতুন কী আয়োজন করছেন, তা নিয়ে এখন সবার কৌতূহল। কিন্তু এ বিষয়ে জানতে চাইলে মুখে কুলুপ এঁটে ছিলেন এই শিল্পী। তবে পুরোপুরি নিরাশও করেননি। এটুকু আভাস দিয়েছেন একক ও দ্বৈতগানের আয়োজন নিয়ে ব্যস্ত আছে। যেগুলো আগের সব গান থেকে অনেকটাই আলাদা। 
এককথায় সেখানে সালমাকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পাবেন শ্রোতা। এর বাইরে বিভিন্ন টিভি অনুষ্ঠানে থাকছে তাঁর পরিবেশনা। সব মিলিয়ে সালমা গানের ভুবনে থাকছে সালমার সরব উপস্থিতি।

সালমা নতুন গান তৈরি করে চলেছেন। বিভিন্ন টিভি আয়োজনেও গাইবেন– সবই ঠিক আছে। কিন্তু তিনি যে আশ্বাস দিলেন, এবারের আয়োজনগুলো কিছুটা হলেও নতুনভাবে তাকে আবিষ্কার করা যাবে আসলেই কী তাই? এর উত্তর অবশ্য সময়ই বলে দেবে, তবে । কারণ ফোক ঘরানার গান প্রাধান্য দিলেও ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেকে চিনিয়ে দিতে খুব একটা সময় লাগেনি এই তারকা কণ্ঠশিল্পীর। অডিও মাধ্যম থেকে শুরু করে নাটক, সিনেমার প্লেব্যাকসহ বেতার, টিভি, অনলাইন সংগীতায়োজন– সব মাধ্যমেই কাজের অভিজ্ঞতা হয়েছে সালমার। তার চেয়ে বড় বিষয় সব মাধ্যমেই গান গেয়ে শ্রোতা প্রশংসা কুড়িয়ে চলেছেন এই শিল্পী।

সর্বশেষ তার গাওয়া ‘দিল দিওয়ানা’, ‘বরবাদ’, ‘মায়ার জাদু করলা এই মনে’, ‘মনের গহীনে’, ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’, ‘সানাই’, ‘জাদুরে মধুরে’, ‘এমন ভালোবাসা চাই না’সহ আরও বেশকিছু গান শ্রোতা মনে ছাপ ফেলেছে। যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, সালমার পথচলা এখনই শেষ হওয়ার নয়। তাঁর সুরের বসন্ত দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে চলেছে।

আরও পড়ুন

×