‘চক্র-২’ ছাড়াও এ সপ্তাহে ওটিটিতে যা থাকছে
তৌসিফ মাহবুব ও আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১৩:৫৫
চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার কিছু আলোচিত সিরিজ ও সিনেমা। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–
আইস্ক্রিন
২৬ মার্চ মুক্তি পেয়েছে বাংলা সিরিজ চক্র ২। তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন ও গাজী রাকায়েত অভিনীত এ সিরিজে ময়মনসিংহের এক পরিবারের ৯ জনের রহস্যজনক আত্মহত্যার নেপথ্যের কারণ অনুসন্ধান করা হয়েছে। প্রথম সিজনে অজানা থাকা রহস্য দ্বিতীয় সিজনে উন্মোচিত হবে।
জিওহটস্টার
২৭ মার্চ মুক্তি পেয়েছে তামিল সিরিজ মুথু এনগিরা কুট্টান। বিজয় সেতুপতি, মিলিন্দ সোমান ও সুদেব নায়ার অভিনীত এই সিরিজে এক রহস্যময় চরিত্রকে ঘিরে গল্প এগোয়, যাকে কেউ অপরাধী আবার কেউ ত্রাণকর্তা মনে করে। হঠাৎ তাঁর ছিন্ন মাথা উদ্ধার হলে পুলিশ শুরু করে দেহের বাকি অংশের খোঁজ। সিরিজটি বাংলা ভাষাসহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে।
নেটফ্লিক্স
২৭ মার্চ মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা মরদানি ৩। রানী মুখার্জি, জানকি ও যিশু সেনগুপ্ত অভিনীত এ ছবিতে শিশু অপহরণ চক্রের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় এসিপি শিবানী শিবাজী রায়কে। তদন্তের মাধ্যমে সমাজের অন্ধকার দিক উঠে আসে, যেখানে ‘আম্মা’ নামে এক নারীর নেতৃত্বে চলছে ভয়ংকর অপরাধচক্র।
একই দিনে নেটফ্লিক্সে এসেছে তথ্যচিত্র বিটিএস: দ্য রিটার্ন। এতে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের দীর্ঘ বিরতির পর সংগীতে ফেরার গল্প তুলে ধরা হয়েছে। বিশেষ করে তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’-এর রেকর্ডিংয়ের অভিজ্ঞতা এতে দেখানো হয়েছে।
প্রাইম ভিডিও
২৭ মার্চ মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ হাউস অব ডেভিড-এর দ্বিতীয় সিজন। মাইকেল ইস্কান্দার, আলি সুলাইমান ও স্টিফেন ল্যাং অভিনীত এ সিরিজে বাইবেলের চরিত্র ডেভিডের সাধারণ রাখাল থেকে শক্তিশালী রাজা হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। নতুন সিজনে তাঁর পরিবার, উত্তরাধিকার এবং ক্ষমতার দ্বন্দ্ব আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে।
- বিষয় :
- তৌসিফ মাহবুব
- আজমেরী হক বাঁধন
