ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সন্তানের জন্য চাকরি ছেড়েছিলেন তৌসিফ, ফারিয়া, জোভানের মায়েরা

সন্তানের জন্য চাকরি ছেড়েছিলেন তৌসিফ, ফারিয়া, জোভানের মায়েরা
×

বা থেকে মায়ের সঙ্গে তৌসিফ, শবনম ফারিয়া ও ছোট্ট জোভান।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৪:২১

মা-এই ছোট্ট শব্দটার ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানের হাসির জন্য নিজের স্বপ্ন, ক্যারিয়ার, এমনকি ব্যক্তিগত ইচ্ছাকেও অনায়াসে বিসর্জন দেন একজন মা। বিশ্ব মা দিবসে নিজেদের জীবনের এমনই কিছু ত্যাগের গল্প শেয়ার করেছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তিন তারকা তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া ও ফারহান আহমেদ জোভান।

তাদের প্রত্যেকের কথাতেই উঠে এসেছে। আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে সবচেয়ে বড় অবদান তাদের মায়ের। সন্তান ও পরিবারের জন্য চাকরি ছেড়ে দেওয়া থেকে শুরু করে নিজের জীবনকে পুরোপুরি উৎসর্গ করার মতো অসংখ্য ত্যাগের স্মৃতিচারণ করেছেন তারা।

তৌসিফ মাহবুব জানান, তার মা লুৎফা মাহবুব একসময় কাতার এয়ারওয়েজে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু সন্তান ও পরিবারের কথা ভেবে তিনি চাকরি ছেড়ে দেন। তৌসিফ বলেন, “আমি ছোটবেলা থেকেই দেখেছি, মা পুরো সংসারটা আগলে রেখেছেন। আমার আজকের অবস্থানের পেছনে মায়ের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবচেয়ে আনন্দের বিষয় হলো, মা এখন আমার অভিনয়ের সবচেয়ে বড় ভক্ত।”

অন্যদিকে শবনম ফারিয়া বলেন, তার মা নার্গিস আক্তার একসময় আইসিডিডিআর’বিতে কর্মরত ছিলেন। পরে দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরি ছেড়ে দেন তিনি। ফারিয়ার ভাষায়, “আমার আম্মুই আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। সন্তানের সুখের জন্য মায়ের এমন ত্যাগ সত্যিই বিরল। আমি চাই, একদিন আমার কারণে মা যেন সবার কাছে গর্ব করতে পারেন।”

ফারহান আহমেদ জোভান স্মৃতিচারণ করে বলেন, তার মা সোহেলী আহমেদ একজন স্কুল শিক্ষিকা ছিলেন এবং ইংরেজি পড়াতেন। শিক্ষক হিসেবে বেশ সুনামও ছিল তার। কিন্তু ছেলে-মেয়ের লেখাপড়া ও দেখাশোনার জন্য তিনি চাকরি ছেড়ে দেন। জোভান বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে নিউইয়র্কে আছেন। মা একাই আমাদের বড় করেছেন, সংসার সামলেছেন। আমি মনে করি, আমার মা একজন সত্যিকারের যোদ্ধা।”

 

আরও পড়ুন

×