ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশু নির্যাতনের ঘটনা ফুটে উঠলো সিনেমায়

শিশু নির্যাতনের ঘটনা ফুটে উঠলো সিনেমায়
×

‘চকোলেট’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ২০:২৯ | আপডেট: ২৩ মে ২০২৬ | ২০:৪৩

শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’ বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছেন পরিচালক জসীম আহমেদ।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম এবং শিল্পী সরকার অপু।

নির্মাতার ভাষ্য, চলচ্চিত্রটি শুধু বিনোদনের জন্য নয়, বরং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্য নিয়েই নির্মিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে শিশু নির্যাতনের নানা ঘটনা আলোচনায় আসার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে–নিজের ঘরেই কি শিশুরা সত্যিকার অর্থে নিরাপদ?

এতে অভিনয় প্রসঙ্গে গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প সময়োপযোগী। শিশু নির্যাতনের নির্মমচিত্র তুলে এনেছেন নির্মাতা। এটি প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। সচেতনতামূলক এ কাজটি দর্শক গ্রহণ করেছেন বলে খুব ভালো লাগছে।’

দেশের বাইরে মুক্তির আগেই ব্রিটিশ প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল  চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্ব নেয়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় ‘চকোলেট’।

পরিচালক জসীম আহমেদের আগের কাজ ‘দাগ’ ও রোহিঙ্গা সংকটভিত্তিক প্রামাণ্যচিত্র ‘আ পেয়ার অব স্যান্ডেলস’ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছিল।

প্রায় ২০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি বর্তমানে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

×